অ্যাপলে সাবেক অ্যামাজন কর্মকর্তা
যুক্তরাষ্ট্র সরকারের আইন প্রণয়নকারী সংস্থার সঙ্গে চলমান আইফোন সংক্রান্ত দ্বন্দ্বের মাঝেই নিজেদের ‘কর্পোরেট ডিজিটাল ডিফেন্স’-এর দেখভালের জন্য নতুন একজন নিরাপত্তা নির্বাহী নিয়োগ করেছে টেক জায়ান্ট অ্যাপল।
রয়টার্স জানিয়েছে, ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ডটকম-এর সাবেক তথ্য নিরাপত্তা প্রধান জর্জ স্ট্যাথাকোপোলাস-কে নিয়োগ দিয়েছে অ্যাপল। এর আগে তিনি মাইক্রোসফটের পণ্য নিরাপত্তার জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। তিনি অ্যাপলের কর্পোরেট ইনফরমেশন সিকিউরিটির প্রধান হিসেবে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে রয়টার্সের সূত্র।
নতুন এই নিয়োগ সম্পর্কে মুখ খুলতে অস্বীকৃতি জানিয়েছে অ্যাপল। কিন্তু একজন সংবাদকর্মী অ্যাপলকে ফোন করলে একজন ব্যক্তি ‘জর্জের অফিস’ বলে উত্তর দেন। তবে, তাৎক্ষণিকভাবে স্ট্যাথাকোপোলাস-এর সঙ্গে যোগাযোগ করা যায়নি।
স্ট্যাথাকোপোলাস অ্যাপলের প্রধান অর্থ কর্মকর্তার অধীনে কর্পোরেট সম্পদ, যেমন পণ্যের ডিজাইন, সফটওয়্যার ডেভেলপ করার কাজে ব্যবহৃত কম্পিউটার আর একই সঙ্গে ক্রেতার তথ্যসমূহ তত্ত্বাবধানে নিয়োজিত থাকবেন। প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রধান ব্যক্তিবর্গও অ্যাপলের পণ্য ব্যবহারকারীদের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, স্ট্যাথাকোপোলাস প্রায় এক সপ্তাহ আগে অ্যাপলে যোগ দিয়েছেন।
২০১৫ সালের ডিসেম্বরে স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডের ঘটনায় বন্দুকধারীর আইফোন আনলক প্রসঙ্গে এফবিআই-এর সঙ্গে বিবাদের মধ্যে, এই নিয়োগ নিরাপত্তা বাড়াতে অ্যাপলের গুরুত্বের দিকে ইঙ্গিত দেয় বলে জানিয়েছে রয়টার্স।
