স্মার্টফোনের র্যাম ৬ জিবি!
স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে আসছে চাইনিজ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভারনি। অ্যাপোলো নামের নতুন ৬ জিবি র্যামের ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
বর্তমান বাজারে ৪ জিবি পর্যন্ত স্মার্টফোন প্রচলিত রয়েছে। তাই নতুন এই স্মার্টফোনটি বাজারে আসলে এটিই হবে সবচেয়ে বেশি র্যামের স্মার্টফোন।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ৬ জিবি র্যামের পাশাপাশি ৫.৫ ইঞ্চি কোয়াডএইচডি পর্দা ব্যবহার করা হয়েছে এই ফোনে, যার রেজুলিউশন ২৫৬০X১৪৪০ পিক্সেল। পাওয়ার হাউজ হিসেবে এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক X২০ ডেকা-কোর প্রসেসর। আর ফোনটির ইন্টারনাল মেমোরি ১২৮ জিবি।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলোতেই চলবে অ্যাপোলো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে পেছনে ২১ মেগাপিক্সেল ডুয়াল এলইডি ফ্ল্যাশ ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এছাড়াও ৪জি, এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস সুবিধা থাকছে এই ফোনে।
সিলভার রঙের এই ফোনটি এপ্রিলেই বাজারে ছাড়া হবে বলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়।
সম্প্রতি অন্য এক প্রতিবেদনে জানা যায়, আরেক চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মেইজু একই ধরনের ফোন বানাচ্ছে। তবে, তারা দুটি সংস্করণে ফোনটি বাজারে ছাড়বে বলে জানানো হয়। একটি সংস্করণে ৪ জিবি র্যামের সঙ্গে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি এবং অন্যটিতে ৬ জিবি র্যামের সঙ্গে ১২৮ জিবি মেমোরি ব্যবহার করা হতে পারে।
আর এই ফোনটিতে স্যামসাংয়ের এক্সিনোস ৮৮৯০ প্রসেসর ব্যবহার করা হতে পারে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন গালাক্সি এস৭-এ এই প্রসেসর ব্যবহার করা হয়েছে। মেইজু প্রো৬ ফোনটিতে আন্ড্রয়েডের নতুন সংস্করণ ফ্লেইম ইউ ব্যবহার করা হতে পারে বলেও জানানো হয়।
