বিজ্ঞাপন বিক্রিতে ফেইসবুকের দ্বারস্থ ইয়াহু
টাম্বলার-এ বিজ্ঞাপন দেওয়ার জন্য ফেইসবুকের সঙ্গে একটি বিজ্ঞাপন সহযোগিতার বিষয়ে আলোচনা করছে মাইক্রোব্লগিং সাইটটির মালিক প্রতিষ্ঠান ইয়াহু।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, ইয়াহু সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেইসবুকের সঙ্গে একটি চুক্তি করার বিষয়ে আলোচনা করছে, এর ফলে ফেইসবুক টাম্বলার-এর মোবাইল অ্যাপে বিজ্ঞাপন দিতে পারবে।
‘ফেইসবুক অডিয়েন্স নেটওয়ার্ক’-এর মাধ্যমে অপেক্ষাকৃত নতুন এই চুক্তি বাস্তবায়নের প্রস্তাবনা আনা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির চলতি বিজ্ঞাপনদাতারা নিজস্ব নেটওয়ার্কের বাইরে অন্য ওয়েবসাইটেও বিজ্ঞাপন দিতে পারবে।
এক প্রতিবেদনে ফরচুন ডটকম জানায়, ইতোমধ্যেই বাইরের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিজ্ঞাপন বিক্রি নিয়ে কয়েকটি চুক্তি করেছে ইয়াহু। এর মধ্যে ২০১৫ সালে অক্টোবরে গুগলের সঙ্গে করা সার্চবিষয়ক বিজ্ঞাপন চুক্তিও রয়েছে। এ ছাড়া মাইক্রোসফটের সঙ্গেও চুক্তি রয়েছে প্রতিষ্ঠানটির। এ চুক্তির মাধ্যমে তারা মাইক্রোসফটের বিজ্ঞাপন থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ পায়।
ইয়াহু ২০১৩ সালে ১১০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে টাম্বলার কিনে নেয়।
সম্প্রতি পুঁজিবাজারবিষয়ক এক নথিতে ইয়াহু জানায়, তারা টাম্বলার-এর বাজার মূল্য ২০ শতাংশ কমিয়ে দিয়েছে। ডেভিড কার্পের প্রতিষ্ঠিত এই মাইক্রোব্লগিং সাইটটি থেকে ইয়াহু পর্যাপ্ত আয় করতে না পারার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এমনকি ভবিষ্যতে প্রয়োজনে আবারও এমন পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তারা।
অলিখিতভাবে ইয়াহু স্বীকার করে নিয়েছে যে তাদের বিজ্ঞাপন কৌশল এক পর্যায়ে এসে ব্যর্থ হয়েছে এবং তারা টাম্বলারকে ইয়াহু’র বর্তমান বিক্রয় প্রক্রিয়ার বাইরে রাখতে যাচ্ছে। আর এর মধ্য দিয়ে আবারও একটি নিজস্ব বিক্রয় কর্মীদল পেতে যাচ্ছে টাম্বলার।
