আসছে মস্তিষ্ক নিয়ন্ত্রিত গাড়ি
উন্নত প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে রোবট এবং স্বয়ংক্রিয় গাড়ির ব্যবহার। আর স্বয়ংক্রিয় গাড়িগুলো শুধু স্বয়ংক্রিয়ই নয়, এগুলোকে এখন মস্তিষ্ক নিয়ন্ত্রিত করার জন্যও কাজ করা হচ্ছে। প্রযুক্তির দিক থেকে রোবট এবং মস্তিষ্ক নিয়ন্ত্রিত এসব গাড়িই এখন তরুণ শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হয় ‘দ্য বিগ ব্যাং ফেয়ার ২০১৬’। উদ্ভাবনী বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতের সবচেয়ে বড় আয়োজন হিসেবেই পরিচিত এই মেলা।
২০১৬ সালের এই আয়োজনে সকলের নজর কাড়ে মস্তিষ্ক নিয়ন্ত্রিত ‘স্ক্যালেক্সট্রিক’ সেট নামের একটি প্রকল্প। নতুন এই প্রযুক্তির মাধ্যমে মানুষের চিন্তশক্তি দিয়েই গাড়ি নিয়ন্ত্রণ করা যাবে বলে জানিয়েছে স্কাইনিউজ।
নতুন এই মস্তিস্ক নিয়ন্ত্রণ প্রযুক্তি উদ্ভাবন করেছে যুক্তরাজ্যের ওয়্যারউইক ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী। এই স্ক্যালেক্সট্রিক সেটটি একটি হেডফোন ব্যবহার করে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা হয়। এটি গাড়িতে সেট করার সঙ্গে সঙ্গেই গাড়ি নিজে থেকেই চলতে শুরু করবে। এক্ষেত্রে কোনো কোন্ট্রোলারের প্রয়োজন নেই।
এই প্রযুক্তিতে হেডসেট পরিধানকারীকে শান্ত থাকতে হবে। হেডসেটটি পরিধান করলে মস্তিষ্কে নিউরনের দ্বারা আলফা তরঙ্গ এবং বৈদ্যুতিক মনোবৃত্তি তৈরি হয়। এ বিষয়ে ওই উদ্ভাবনী দলের সদস্য প্রকৌশল শিক্ষার্থী সোফি ওয়েবস্টার বলেন, “আমারা বায়োমেডিক্যাল প্রকল্পগুলো দেখিয়ে বাচ্চাদেরকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতে উদ্বুদ্ধ করছি। ‘স্ক্যালেক্সট্রিক’ অনেকটাই মজার। আর যদি আরো বেশি ইলেক্ট্রোড পেতে পারেন তবে আপনি এটিকে হুইলচেয়ারের সঙ্গে যুক্ত করতে পারেন এবং ব্রেইনের আরও ভালো ম্যাপ পাওয়া গেলে এটি আপনাকে গতির মতই দিক নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে।”
নতুন এই প্রযুক্তি গাড়ির পাশাপাশি অন্যান্য জায়গাতেও ব্যাবহার করা যেতে পারে বলেও বিশ্বাস করেন ওই দলের শিক্ষার্থীরা।
মস্তিষ্ক নিয়ন্ত্রিত গাড়ির পাশাপাশি ‘ফেস্টো’ নামের ডিজে রোবটও নজর কাড়ে ওই মেলায়। রোবটকে আমরা সাধারণত গৃহস্থালির টুকিটাকি কাজ করতে দেখেই অভ্যস্ত। কিন্তু এই রোবটটি সিডি চালাতে এবং মিউজিকের তালে নাচতে পারে বলে, জানিয়েছে স্কাইনিউজ।
