ফেইসবুকে টিভি, প্রস্তুতিতে টুইটারও
টিভি স্ট্রিমিং প্রোগ্রামিংয়ের স্বত্ত্বাধিকার কিনতে পরস্পর টেক্কা দিচ্ছে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক আর মাইক্রোব্লগিং সাইট টুইটার, মার্কিন দৈনিক নিউ ইয়র্ক পোস্ট-এর বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স।
এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে দৈনিকটি জানায়, উভয় প্রতিষ্ঠানই একটি চুক্তি নিয়ে প্রোগ্রামাদের দ্বারস্থ হয়েছে।
ফেইসবুক ইতোমধ্যে 'থার্সডে নাইট ফুটবল'-এর ডিজিটাল স্বত্ত্বাধিকার পেতে যুক্তরাষ্ট্রের 'ন্যাশনাল ফুটবল লিগ'-এর সঙ্গে আলোচনা করেছে। তারা শেষ কয়েক সপ্তাহ ধরেই বড় পরিসরে টেলিভিশনের নির্বাহীদের সঙ্গে সাক্ষাৎ করছে বলেও জানা গেছে।
ফেইসবুক কীভাবে এই অনুষ্ঠানগুলো সম্প্রচার করবে, তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এক বিবৃতিতে ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, “সরাসরি ভিডিও নিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করে দ্রুত এটিকে ‘টেকসই আর্থিক মডেলে’ রূপান্তর করা। আমরা প্রচলিত টেলিভিশন প্রোগ্রাম অধিগ্রহণের করার দিকে নজর দিচ্ছি না।”
এ বিষয়ে টুইটার কোনো মন্তব্য করেনি।
