২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক মেসেঞ্জারে আসছে 'বট স্টোর'

ফেইসবুক মেসেঞ্জারে 'বট স্টোর' সংযুক্ত করা হচ্ছে এমন গুজব শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। এবার সেই গুজবকেই আরো কিছুটা বেগ দিতে নতুন করে বলা হচ্ছে, চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিতব্য এফ৮ ডেভেলপার সম্মেলনেই উন্মোচন করা হতে পারে 'বট স্টোর'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 07:18 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

ফেইসবুককে কেন্দ্র করে যারা অ্যাপ তৈরি করেন সেইসব ডেভেলপার এবং উদ্যোক্তাদের নিয়েই এই এফ৮ সম্মেলনটি আয়োজন করা হয়ে থাকে। এই সম্মেলনের মাধ্যমেই পূর্বে ফেইসবুকে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। ফেইসবুকের নতুন ডিজাইন, এমবেডেবল লাইক বাটন এবং সোশাল গ্রাফের মতো পরিবর্তনগুলো এই সম্মেলনেরই ফল।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, নতুন এই ‘বট স্টোর’-এর মাধ্যমে গ্রাহক বেশকিছু স্বয়ংক্রিয় প্রোগ্রাম ডাউনলোড করতে পারবে। আর এই প্রোগ্রামগুলোতে মেসেঞ্জারের মাধ্যমেই যোগাযোগ করা যাবে। যেমন গ্রাহক চাইলে পিৎজা চেইন বট ডাউনলোড করতে পারবে, যার মাধ্যমে মেসেঞ্জারে রোবটকে বার্তা দিয়ে পিৎজা অর্ডার করা যাবে। এ ছাড়াও সিনেমার টিকেট বুকিং, ট্যাক্সি ডাকা, রেস্টুরেন্ট রিজার্ভ, ব্যাংক ব্যালান্স জানা অথবা প্লেনের টিকেট কাটার মতো সেবাগুলোও এখন মেসেঞ্জারের মাধ্যমে স্মার্ট কথপোকথনযোগ্য রোবটের কাছে বার্তা প্রেরণ করে পাওয়া যেতে পারে।

নতুন এই 'বট স্টোর' চালু হলে সেটি মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের 'অ্যাপ স্টোর'- এর মতই প্রভাব বিস্তার করবে বলে ধারণা করা হচ্ছে। টেলিগ্রাম এবং স্ল্যাক- এর মত চ্যাট প্লাটফর্মগুলোতে অনেকদিন ধরেই ‘বট’ ফিচার ব্যবহার করা হচ্ছে।

নতুন এই বট সার্ভিসটি অ্যাপ এবং ব্রাউজারকে সরিয়ে সবকিছু একটু সার্ভিসের আওতায় আনবে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের ১১ থেকে ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিস্কোতে এফ৮ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে, জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।