ইউসি ব্রাউজারে ক্রিকেট খেললেন ১৫ লাখ
৭ই মার্চ আনুষ্ঠানিকভাবে চালু করার পর প্রায় ১৫ লাখ বাংলাদেশী এই গেইমটি খেলেছেন। ওয়েবভিত্তিক এই গেইম এইচটিএমএল ৫ প্রযুক্তিনির্ভর যা খুব সহজেই মোবাইল ব্রাউজার দিয়ে খেলা যায়। আর এটি খেলা হয়েছে বিশেষ একটি মোবাইল ব্রাউজারে- নাম ইউসি ব্রাউজার।
ক্রিকেট মৌসুম উপলক্ষে ওয়েব ব্রাউজার ইউসি ব্রাউজার তাদের ক্রিকেট থিমভিত্তিক ওয়েব গেইমের প্রথম সিরিজ চালু করেছে।
ইউসি ব্রাউজার আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপের অন্যতম প্রোডাক্ট। বাংলাদেশের বাজারে এর শেয়ারের পরিমাণ ৩০ শতাংশ বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে এক বার্তায় জানিয়েছে আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপ।
বাংলাদেশে এই গেইমটির জনপ্রিয়তা সম্পর্কে আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপের জেনারেল ম্যানেজার কেনি ইয়ে বলেন, “বাংলাদেশে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় আর ক্রিকেটপ্রেমিরা বিভিন্নভাবে তাদের দলকে উৎসাহ দিয়ে থাকেন। এই ক্রিকেট মৌসুমে সর্বাধুনিক প্রযুক্তির এইচটিএমএল ৫ ভিত্তিক গেইমের মাধ্যমে ইউসি ব্রাউজার তার ব্যবহারকারীদের বাংলাদেশ দলকে সমর্থন করার সুযোগ করে দিয়েছে, যেখানে গেসিং গেইমে অংশ নিয়ে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেয়ার সুযোগ রয়েছে।”
ইউসি ব্রাউজার তার বাংলাদেশী ব্যবহারকারীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছিল যেখানে সবাই একসঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলকে অনুপ্রেরণা যোগাতে পারে এবং মজা করতে পারে। এই গেইমটির মাধ্যমে এখন শুধু ১১ জনই নয়, পুরো দেশ খেলছে একসঙ্গে – বলা হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটির বার্তায়।
ওয়েব গেইমগুলো ছাড়াও ইউসি ব্রাউজার ক্রিকেট ফ্যানদের জন্য ‘ইউসি ক্রিকেট’ এর সুবিধা প্রদান করছে। ইউসি ক্রিকেট ইউসি ব্রাউজারের একটি ইন-অ্যাপ ক্রিকেটবিষয়ক সেবা, যার মাধ্যমে ক্রিকেটের লাইভ স্কোর, ধারাভাষ্য, খবর, ভিডিও এবং লাইভ টুইট সেবা প্রদান করা হয়।
