২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপলের নতুন এনক্রিপশন

নতুন ধরনের একটি এনক্রিপশনের জন্য টেক জায়ান্ট অ্যাপল-কে পেটেন্ট দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। আইফোনের এনক্রিপশন প্রসংগে এফবিআই এর সঙ্গে প্রতিষ্ঠানটির বিবাদ যখন তুংগে, ঠিক তখনই এ ঘটনা ঘটল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 07:06 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট ও ট্রেডমার্ক অফিসে দাখিলকৃত আবেদনে অ্যাপল ডেটা এনক্রিপ্ট করার একটি পদ্ধতি বর্ণনা করে, যাতে ফোনের লক ভাঙা আরও বেশি কঠিন হয়ে পড়বে।

অ্যাপল এর নাম দিয়েছে ‘মাল্টি-ব্লক ক্রিপ্টোগ্রাফিক অপারেশন’। এ বিষয়ে বিস্তারিত তথ্য খুবই জটিল ও ঘোলাটে, তবে এতে অ্যাপল ব্যবহারকারীদের অবৈধভাবে ডিজিটাল ফাইল কপি করা ঠেকানোর ব্যবস্থা থাকবে- এমন একটি ইংগিত পাওয়া গেছে।

জন হপকিন্স ইউনিভার্সিটির ক্রিপ্টোগ্রাফি ও কম্পিউটার নিরাপত্তা বিষয়ক শিক্ষক ম্যাথিউ গ্রিন অ্যাপলের আবেদনটি পর্যালোচনার পর মন্তব্য করেন, "তারা এনক্রিপশন দ্রুততর করতে...এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে এনক্রিপশন কী পুনরুদ্ধার কঠিন করে তুলতে কিছু কাজ করছে।"

অ্যাপল ২০১৪ সালের সেপ্টেম্বরে এই পেটেন্টের জন্য আবেদন জানায়। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার তা অনুমোদন করে মার্কিন যুক্তরাষ্ট্র পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস।

অ্যাপল জানায়, সরকার অনুমোদিত বর্তমান উন্নততর এনক্রিপশন স্ট্যান্ডার্ড যথেষ্ট শক্তিশালী নয়। তথ্য সংরক্ষণে তা সফল হলেও এর সবচেয়ে বড় দুর্বলতাটি হলো তাতে সিস্টেমে ‘প্রিভিলেজড প্রবেশাধিকারপ্রাপ্ত’ ব্যক্তির জন্য সম্ভাব্য প্রবেশপথ থেকেই যায়।

উন্নত প্রযুক্তিগত লক-এর বিষয়টি বর্তমানে অত্যন্ত স্পর্শকাতর হয়ে দাঁড়িয়েছে। উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে অপরাধীরা এবং তাদের পরিকল্পনা আইন প্রয়োগকারী সংস্থার সম্পূর্ণ অগোচরে থেকে যেতে পারে এফবিআই আশংকা করছে।

সম্প্রতি স্যান বার্নার্ডিনো গুলিবর্ষণের ঘটনায় এফবিআই চায় অ্যাপল বন্দুকধারীর আইফোনের তথ্য জানার প্রয়োজনে অ্যাপল সব আইফোনের জন্যই এর সফটওয়্যারের একটি দুর্বলতর সংস্করণ প্রকাশ করুক, যাতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাতে প্রবেশধিকার পেতে সক্ষম হয়। অন্যদিকে, অ্যাপল সরকারপক্ষের দাবি অনুযায়ী নতুন কম্পিউটার কোড লিখতে অস্বীকৃতি জানায়।