সরকারের ভূমিকা উল্টে গেছে: কুক
এফবিআই-এর সঙ্গে বিবাদে জড়ানোর মতো অবস্থানে পৌঁছানোর ব্যাপারটি তার ধারণার বাইরে ছিলো বলে জানান মার্কিন টেক জায়ান্ট অ্যাপল-এর সিইও টিম কুক।
বৃহস্পতিবার প্রকাশিত টাইমস ম্যাগাজিনকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকার জুড়ে কুক চলমান বিতর্কের প্রতিটি দিক সম্পর্কে খোলা মনে তার নিজস্ব অনুভূতি ব্যক্ত করেন। তাতে এ মামলায় এফবিআই ও আইন বিভাগের পদ্ধতিগত ত্রুটি নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন। এর ফলাফল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ছাড়াও সাধারণ জনগণের অধিকারের ক্ষেত্রে বাজে উদাহরণ হয়ে দাঁড়াতে পারে বলে বারবার সতর্ক করেন তিনি। এ ছাড়াও তিনি সরকারপক্ষের মূল অস্ত্র ‘অল রিটস অ্যাক্ট’ আইনের সমালোচনা করেন।
তিনি বলেন, “সরকারের উচিত সবসময় নাগরিক স্বাধীনতা রক্ষা করা। এবং এখানে তাদের ভূমিকা উল্টে গেছে।” এ ছাড়াও সম্পূর্ণ পরিস্থিতিকে দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেন তিনি।
এনক্রিপশন প্রযুক্তির সাহায্যে সন্ত্রাসী ও অপরাধীরা তাদের ডিজিটাল কর্মকাণ্ড ধামাচাপা দিয়ে হাওয়া হয়ে যেতে সক্ষম হয়, ফলে তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে-আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এ যুক্তি ভিত্তিহীন বলে কুক পালটা মন্তব্য করেন। ওয়েব ও স্মার্টফোনের ব্যবহারের মাধ্যমে মানুষ নিজেদের সম্পর্কে ক্রমবর্ধমান পরিমাণ তথ্য “সবখানে” রেখে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়াও কুক এনক্রিপশনের গুরুত্ব ফুটিয়ে তুলতে একে সূর্য, বাতাস ও পানির মতো জীবনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোর সঙ্গে তুলনা করেন।
এনক্রিপশনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি আরও বলেন, “আমাদের মতে সরকারের আরও এনক্রিপশনের জন্য চাপ দেওয়া উচিত। নিরাপত্তা কোনো ফিচার নয়, এটি একটি ভিত্তি, মৌলিক অধিকার।” ‘ব্যাক ডোর’ সৃষ্টি করাটা ৯৯ শতাংশ সাধারণ নিরপরাধ মানুষের গোপনীয়তা লংঘন করবে এবং তা অনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেন কুক।
অন্যদিকে আইন বিভাগের এক মুখপাত্র এক ইমেইল বার্তায় আগের একটি লিগ্যাল ফাইল থেকে সরকারপক্ষের যুক্তি পুনরায় উপস্থাপন করেন। ইমেইলে জোর দিয়ে বলা হয়, “অ্যাপলের বক্তব্য শুধু যে ভুয়া তা নয়, তা আমাদের স্বাধীনতা ও অধিকার রক্ষায় সর্বাপেক্ষা সক্ষম প্রতিষ্ঠানগুলোর প্রতি হুমকিস্বরূপ।”
এমন একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েও এর একটি স্বাভাবিক সমাপ্তি এবং সমাধান অ্যাপল-এর পক্ষে আসার ব্যাপারে কুক আশাবাদ ব্যক্ত করেন। তবে আদালতের রায়ে আইন বিভাগ জয়ী হলে অথবা এনক্রিপশন রহিত করতে কংগ্রেসে আইন পাশ হলে অ্যাপল এ প্রক্রিয়া মেনে নেবে বলে জানিয়ে তিনি বলেন, “দিনশেষে আমি আইন মেনে চলবো।”
