“অ্যাপল আমার জীবন বাঁচিয়েছে”
অ্যাপল ম্যাকবুক প্রো জীবন বাঁচিয়েছে বলে সিএনএন-কে জানিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মার্কিন তরুণ চলচ্চিত্র নির্মাতা জেমস র্যাথ।
জন্মগতভাবে দৃষ্টি প্রতিবন্ধী ২০ বছর বয়সী র্যাথ জানান, ১১ বছর বয়সে তিনি আত্মহত্যার চেষ্টা করেন এবং ওই বছরই তার বিষণ্ণতা রোগ ধরা পড়ে। কিন্তু ১৪তম জন্মদিনে অ্যাপলের ম্যাকবুক প্রো উপহার পাওয়ার পর তার জীবন আমূল পালটে যায়। এর অ্যাক্সেসিবিলিটি ফিচারের সাহায্যে তিনি স্কুলের বই পড়তে এবং ভিডিও এডিট করতে সক্ষম হন।
সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রথম ম্যাক পাওয়ার পর জীবন সম্পর্কে আমার ধারণাই সম্পূর্ণ পালটে যায়। আমি নিজের উপর আস্থা ফিরে পাই।”
১২ মার্চ তিনি তার নিজের জীবনের গল্প নিয়ে ‘অ্যাপল কীভাবে আমার জীবন বাঁচালো’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ইউটিউবে আপলোড করেন। এর পরপরই তা অ্যাপলের ইঞ্জিনিয়ারদের নজরে আসে। বুধবার অ্যাপলের পাবলিক রিলেশনস টিম তার সাথে যোগাযোগ করে ধন্যবাদ জানায় এবং দৃষ্টিপ্রতিবন্ধকতাসম্পন্ন মানুষের জন্য ম্যাক ও আইফোন-কে আরও উন্নত করতে তার পরামর্শ চায়। এর প্রায় তিন ঘন্টা পর অ্যাপল-এর সিইও টিম কুক ভিডিওটি রিটুইট করেন।
র্যাথ বলেন, “এতে আমি প্রচণ্ড অবাক হই। একটা ধাক্কা খাই। কী করে এটি টিম পর্যন্ত গেলো তা আমি বুঝেই উঠতে পারছিলাম না।”
চার মিনিটের আবেগপ্রবণ ওই ভিডিওতে র্যাথ তার জীবনের প্রতিটি সংগ্রাম বর্ণনা করেন। তিনি চোখের দুটি রোগে আক্রান্ত- অকুলার অ্যালবিনিজম, যাতে তিনি ঝাপসা দেখতে পান, এবং নিস্ট্যাগমাস, যাতে তার চোখ নিয়ন্ত্রণহীনভাবে কাঁপতে থাকে।
শ্রেণিকক্ষে তাকে সাহায্য করতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করা হয়। তবে এসব দৃষ্টিসহায়ক যন্ত্রাবলী বহনঅযোগ্য ছিল, এবং এতে তাকে কটুক্তির শিকার হতে হতো বলে জানান তিনি।
প্রাথমিকভাবে ভিডিওটির কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকায় ভিডিওটি পোস্ট করতে দ্বিধাগ্রস্ত ছিলেন তিনি। পরবর্তীতে এক বন্ধুর উৎসাহে সব দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ভিডিওটি ইউটিউবে পোস্ট করেন।
তিনি জানান, ৮ বছর বয়স থেকেই তিনি চলচ্চিত্র নির্মাণে আগ্রহী। তিনি ২০০৬ সাল থেকে ফেইসবুকে ভিডিও পোস্ট করা শুরু করেন। মাঝে কিছুদিন বিষণ্ণতার কারণে তার কাজ বন্ধ থাকে, তবে ম্যাকবুকের জুম ও ভয়েস ওভারের মতো সহায়ক সফটওয়্যারের সাথে পরিচিত হওয়ার পরই তিনি বিষণ্ণতা কাটিয়ে উঠে নতুন উদ্যমে কাজে ঝাঁপিয়ে পড়েন।
ভিডিও এডিটিং-এর কাজে তিনি আইমুভি ও ফাইনাল কাট প্রো ব্যবহার করেন এবং ইউটিউবে তার চলচ্চিত্রের দর্শকদের মতামতকে স্বাগত জানান।
এই ভিডিও একই ধরনের প্রতিবন্ধিতায় ভোগা মানুষদের সাহায্যে ভূমিকা রাখবে বলে আশাবাদী র্যাথ। তিনি বলেন, “এর হয়তো সমাধান না থাকতে পারে, তবে এর জন্য সুযোগ-সুবিধা রয়েছে। অ্যাপল আমাকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিয়েছে। আমি আশা করছি যে অন্যরা এসব বিকল্পের ব্যাপারে জানবে।”
