ভারতে বিনিয়োগ করছে সিসকো
ভারতে বড় অংকের বিনিয়োগ করতে যাচ্ছে সিসকো। প্রযুক্তিগত দিক থেকে ভারতের উন্নয়নে সহায়তা করতেই দেশটিতে ১০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে মার্কিন এই প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানটি।
রয়টার্স জানিয়েছে, ভারতের হাজারো গ্রামে ইন্টারনেট সংযোগ এবং চাকুরী পৌঁছে দিতে দেশটির পরিকল্পনাকে সহায়তা দিতেই এমন উদ্যোগ নিয়েছে সিসকো। চলতি বছরের ১৮ মার্চ এমন সিদ্ধান্তের কথা জানান প্রতিষ্ঠানের নির্বাহী চেয়ারম্যান জন চেম্বার্স।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির প্রযুক্তিগত খাতকে আরো এগিয়ে নিতে বেশকিছু প্রকল্প উন্মোচন করেন। ‘ডিজিটাল ইন্ডিয়া’, ‘স্কিল ইন্ডিয়া’ এবং ‘স্টার্টআপ ইন্ডিয়া’ নামের এই প্রকল্পগুলোর মাধ্যমে ভারতের কোটি মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দিয়ে আরো বেশি প্রযুক্তিভিত্তিক চাকুরি তৈরি করা এবং আরো বেশি বেশি অনলাইন সেবা দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। এবার দেশটিতে বিনিয়োগের মাধ্যমে সেই পরিকল্পনারই অংশ হতে যাচ্ছে সিসকো।
দেশটিতে বিনিয়োগের ব্যাপারে চেম্বার্স বলেন, “উদ্যোক্তা ও প্রশিক্ষার্থীদের জন্য ইনকিউবেশান কেন্দ্র চালু করতে ভারতের কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের সঙ্গে কাজ করবে সিসকো।”
মধ্যস্তরের শুরুর দিকেই পুরো পরিকল্পনার ৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে সিসকো। দেশটিতে বিনিয়োগের ব্যপারে খুব্ শীঘ্রই বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
