২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বয়ংক্রিয় সাবমেরিন বানালো বোয়িং

সমুদ্রে সুরক্ষা নিশ্চিত করতে এবার স্বয়ংক্রিয় গোয়েন্দা সাবমেরিন বানিয়েছে মার্কিন প্লেন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। নতুন এই সাবমেরিনটি কোন মানুষের সহায়তা ছাড়াই ৩ মাস সমুদ্র পাহারা  দিতে পারে বলে দাবী করেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 11:08 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

স্কাইনিউজ জানিয়েছে, ৫২ ফুট লম্বা এই সাবমেরিনটি নজরদারী, বিকিরণ সনাক্তকরণ, তেল এবং গ্যাস অনুসন্ধান ও  পানি পরীক্ষার কাজে ব্যবহার করা হবে। ‘ইকো ভয়েজার’ নামের এই সাবমেরিন যখন পানির উপরে আসবে তখনই মিশন নিয়ন্ত্রকের কাছে তথ্য প্রদান করবে।

ইকো ভয়েজার সাবমেরিনটি কোন মানুষ ছাড়াই ১১ হাজার ফুট পর্যন্ত গভীর পানির নিচ দিয়ে টানা ৩ মাস চলতে পারে। আর মিশন শেষে সাবমেরিনটি পোর্টে আনতে একটি সহকারী জাহাজ প্রয়োজন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এটি বাধা পরিহার করে চলতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে তথ্য মজুদ ও প্রদান করতে বলেও জানিয়েছে বোয়িং।

এই সাবমেরিনটি নিয়ে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ড্যারিল ডেভিস বলেন, “মানুষবিহীন ডুবুরীযান নিয়ন্ত্রণর ক্ষেত্রে ইকো ভয়েজার একটি নতুন উদ্যোগ এবং এটি ভবিষ্যতে ব্যবহৃত হবে। স্বয়ংক্রিয় সিস্টেমের মত উদ্ভাবনী প্রযুক্তিগুলোতে আমাদের বিনিয়োগ বর্তমান এবং ভবিষ্যতে গ্রাহকদের মিশনের প্রয়োজনে সাহায্য করবে।”

আর এটির নিরাপত্তা প্রসঙ্গে ডাভেস বলেন, “আমরা আমাদের সফটওয়ার নিয়ে আত্মবিশ্বাসী। আমরা যেগুলো যাচাই করা হয়েছে সেগুলোই পুনঃব্যবহার করেছি। আর নতুন কোন বিনিয়োগে ঝুঁকি থাকবেই।”