২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুডপান্ডার মালিকানায় ‘হংকং ডেলিভারি’

অনলাইনভিত্তিক পণ্য সরবরাহ প্রতিষ্ঠান ‘হংকং ডেলিভারি ডটকম’কে কিনে নিচ্ছে আরেক অনলাইনভিত্তিক পণ্য সরবরাহ প্রতিষ্ঠান ফুডপান্ডা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 08:36 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

২০১২ সালে প্রতিষ্ঠা করা হয় জার্মানির বার্লিনভিত্তিক ফুডপান্ডা। ৩১ কোটি ডলার বিনিয়োগে নয়টি ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী দ্রুত বিস্তৃত হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।

ফুডপান্ডার ৪৯ শতাংশ শেয়ারের মালিক জার্মানির ক্রমবর্ধমান ই-কমার্স খাতের বিনিয়োগকারী প্রতিষ্ঠান রকেট ইন্টারনেট। ২০১৫ সালে ৪০টির মতো বাজারে তাদের ব্যবসা ছিল, কিন্তু পরে তা কমিয়ে এনে এশিয়া, পূর্ব ইউরোপ আর মধ্যপ্রাচ্যের ২৪টি বাজারে জোর দেয় তারা।

চলতি বছর ফেব্রুয়ারিতে নিজদের যুক্তরাষ্ট্রের ব্যবসা তাদের যুক্তরাজ্যভিত্তিক প্রতিদ্বন্দ্বী জাস্ট-ইট এর কাছে বিক্রি করে দেয় ফুডপান্ডা।

ডেলিভারি ডটকম বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মীদের খাবার সরবরাহের নেশি নজর দিয়ে থাকে। এবার এই প্রতিষ্ঠানটির সঙ্গে এমন চুক্তির ফলে কর্পোরেট খাতে ফুডপান্ডা তাদের ব্যবসার পরিসর বাড়াতে পারবে। আর হংকংয়ের ব্যবসা বিক্রি করে দিলে, যুক্তরাষ্ট্রে বিভিন্ন শহরে থাকা নিজেদের ব্যবসার দিকে আরও বেশি নজর দিতে পারবে নিউ ইয়র্কভিত্তিক ডেলিভারি ডটকম।

এক বিবৃতিতে হংকং ডেলিভারি ডটকম প্রেসিডেন্ট দিদিয়ের বেনাসাদুন বলেন, “ফুডপান্ডা আর ডেলিভারি ডটকম এই বাজারে প্রথম দুই প্রবেশকারী আর একসঙ্গে কাজ করে আমরা বাজারের শীর্ষস্থান আরও শক্ত করতে পারব।”

এই চুক্তির কোনো আর্থিক তথ্য প্রকাশ করেনি ফুডপান্ডা।