স্মার্টফোন গেইম আনলো নিনটেনডো
ভক্তদের অনেক প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এই প্রথম স্মার্টফোনে গেইম আনলো জাপানি ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান নিনটেনডো। মিতোমো নামের এই গেইম বর্তমানে কেবল জাপানেই সীমাবদ্ধ থাকলেও, খুব শীঘ্রই সবার জন্য সহজলভ্য করে দেওয়া হবে বলে জানিয়েছে নির্মাতারা।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মিতোমো নামের এই গেইমটি একটি সামাজিক গেইম। গেইমটিতে গেইমার 'মিই' নামের একজন চরিত্র হিসেবে খেলবে। যেখানে মিই ফেইসবুক এবং টুইটারে তার বন্ধুদের সঙ্গে বিভিন্ন পোস্ট শেয়ার করবে। এ ছাড়াও গেইমাদের এই অ্যাপটিতে তাদের পছন্দ ও অপছন্দ সম্পর্কে প্রশ্ন করা হবে। তার বন্ধুরা তার সেই পছন্দ ও অপছন্দের সম্পর্কে জানতেও পারবেন।
শুরুতে এই অ্যাপটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে গেইমারদের মধ্যে। যুক্তরাষ্ট্রের স্যান ফ্রানসিসকোভিত্তিক ভিডিও গেইম সাইট আইজিএন বলেছে, গেইমটিতে ‘প্রচুর সম্ভাবনা’ থাকলেও ‘কাস্টমাইজ করার সুযোগের অভাব’ রয়েছে।
জাপানিজ আইওএস অ্যাপ স্টোরে গেইমটি নিয়ে দেওয়া প্রথম ৫০০টি রিভিউ ইতিবাচক ছিল।
চলতি মাসের ১৭ তারিখ চালু হওয়া অ্যাপটি বর্তমানে জাপানিজ আইওএস অ্যাপ স্টোরে দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে বলে জানিয়েছে ভিডিও গেইম সাইট আইজিএন।
