২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল-সরকার: সেনাপতি নির্বাচন চলছে

আইফোন আনলক প্রশ্নে মার্কিন সরকার এবং অ্যাপল উভয় পক্ষই আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য শুনানিতে অপরপক্ষের সাক্ষীদের যাচাই করতে পারবে বলে জানিয়েছে অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2016, 08:29 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

নাম প্রকাশ না করার শর্তে শুক্রবার অ্যাপল-এর পক্ষের একজন আইনজীবী জানান, আগামী মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার রিভারসাইডে অনুষ্ঠিতব্য এ শুনানিতে অ্যাপলের পক্ষে থাকবেন প্রতিষ্ঠানটির প্রধান প্রাইভেসি ইঞ্জিনিয়ার এরিক নিউয়েনশোয়েন্ডার এবং বৈশ্বিক আইন প্রয়োগবিষয়ক ব্যবস্থাপক লিসা অলি। সরকারপক্ষের সাক্ষী হিসেবে এফবিআই-এর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার স্টেসি পেরিনো এবং কর্মকর্তা ক্রিস্টোফার প্লুহার উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, এ মামলায় এরই মধ্যে দাখিল করা লিগাল ব্রিফে সাক্ষীরা তাদের লিখিত বক্তব্য জমা দিয়েছেন। সাক্ষ্যে ফোনটির সঙ্গে সংশ্লিষ্ট অ্যাপল আইডেন্টিফিকেশন রিসেটের মাধ্যমে স্বয়ংক্রিয় ক্লাউড ব্যাকআপে সংরক্ষিত অন্যান্য ডেটা পুনরুদ্ধারের সম্ভাবনা নষ্ট করায় অ্যাপল এবং নিরাপত্তা বিশেষজ্ঞেরা সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে সমালোচনা জানান।

নিউয়েনশোয়েন্ডার-এর বক্তব্যে জানা যায়, অ্যাপলের তার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা এড়াতে নতুন একটি অপারেটিং সিস্টেম বানানোর প্রয়োজন হবে। এ ছাড়াও তিনি বিভিন্ন ফোনের জন্য পৃথক সফটওয়্যার তৈরির সরকারি দাবির সমালোচনা করেন।

অলি তার বক্তব্যে নতুন একটি অপারেটিং সিস্টেম বানানো অ্যাপলের জন্য বোঝা হয়ে দাঁড়াবে বলে যুক্তি উপস্থাপন করেন। এ ছাড়াও এতে অ্যাপলের এমন কর্মী নিয়োগ দিতে হবে ‘যাদের একমাত্র কাজ হবে ঐসব আদেশের প্রক্রিয়া ও বাস্তবায়নে সহায়তা করা’ বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে প্লুহার এবং পেরিনোর সাক্ষ্য ছিলো আইক্লাউডের মাধ্যমে আইফোনের ডেটায় প্রবেশাধিকার পাওয়ার চেষ্টা সম্পর্কিত।

রিসেটের ঘটনা না ঘটলেও তদন্তকারীরা ফোনের ডেটায় প্রবেশাধিকার পেতেন না বলে জানান পেরিনো।

স্যান বার্নার্ডিনো ঘটনায় অভিযুক্তের আইফোন আনলক প্রসঙ্গে সরকার ও অ্যাপলের মধ্যে চলতে থাকা বহুল আলোচিত দ্বন্দ্বের ধারাবাহিকতায় সরকারপক্ষের করা শেষ বুধবারের আবেদনের প্রেক্ষিতে এ যাচাই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।