অ্যাপল ওয়াচের সমালোচনায় ওজনিয়াক
উন্মোচনের পর থেকেই নানা ধরনের সমালোচনা চলে আসছে অ্যাপল ওয়াচ নিয়ে। এবার সেই দলে যোগ দিয়েছেন মার্কিন টেক জায়ান্ট অ্যাপলেরই সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। সম্প্রতি এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে অ্যাপল ওয়াচ নিয়ে সংশয়ের কথাই জানিয়েছেন ৬৫ বছর বয়সী এই প্রযুক্তি গুরু।
অ্যাপলের এই সহ-প্রতিষ্ঠাতাই নিজ হাতে অ্যাপল ১ হোম কম্পিউটার বানিয়ে বিপ্লব সৃষ্টি করেছিলেন। আর অ্যাপল ২ ডিজাইনেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সম্প্রতি রেডিটের এক প্রশ্নোত্তর পর্বে অ্যাপলের নানা বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে, তিনি তার মত প্রকাশ করেন।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, প্রশ্নোত্তরের এক পর্যায়ে অ্যাপল ওয়াচ নিয়ে সংশয়ের ব্যাপারটি প্রকাশ করেন ওজনিয়াক। অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক প্রতিষ্ঠানটি কেমন চালাচ্ছেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কিছুটা চিন্তিত, আমি আমার অ্যাপল ওয়াচকে ভালবাসি, কিন্তু এটি আমাদেরকে অলংকার বাজারে নিয়ে গেছে, যেখানে আপনি নিজেকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন তার উপর ভিত্তি করে ৫শ' থেকে ১ হাজার ১শ' ৯৯ মার্কিন ডলারের মধ্যে ঘড়ি কিনতে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “এই ঘড়িগুলোর একমাত্র ভিন্নতা এর ব্যান্ড। ৫০০ থেকে ১১০০ ডলারের মধ্যে ২০টি ঘড়ি, আর ব্যান্ডেই একমাত্র ভিন্নতা? এটি যেন আর সেই অ্যাপল নয় অথবা সেই প্রতিষ্ঠান নয় যা বিশ্বকে একসময় পাল্টে দিয়েছে।”
অ্যাপল ওয়াচের বিষয়টি বাদ দিলে তিনি টিম কুকের প্রশংসাই করেছেন। তার মতে, টিম কুক স্টিভ জবসের সেই ভালো মানের পণ্য তৈরির প্রথাকেই অনুসরণ করছেন। তিনি বলেন, “আমি সফটওয়্যার ভালবাসি, আমি হার্ডওয়্যার ভালোবাসি, এবং কিছুই আমাকে খারাপ মান দিচ্ছে না।”
ওই প্রশ্নোত্তর পর্বে অ্যাপলের বিরুদ্ধে এফবিআই-এর মামলাসহ আরো অনেক ব্যাপারেই কথা বলেন তিনি। এর পাশাপাশি অ্যাপলকে নিয়ে তার সন্তুষ্টির ব্যাপারটিও প্রকাশ করেছেন তিনি। ওজনিয়াক বলেন, “আমরা যখন অ্যাপল শুরু করি, স্টিভ জবস এবং আমি আলোচনা করেছিলাম। আমরা চেয়েছিলাম একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষও যাতে একজন দৃষ্টিসম্পন্ন মানুষের মতই সক্ষম হয়। আর আমাদের বলতে হবে আমরা সফল, আমরা যখন মানুষের দিক তাকাই তারা রাস্তায় মাথানিচু করে হাতে কিছু একটার দিকে তাকিয়ে থাকে, আর আশেপাশের সবকিছু নিয়ে তারা সম্পুর্ণ অন্যমনস্ক থাকে।”
