ট্রাম্পের ব্যক্তিগত তথ্য ফাঁস
মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প-এর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়ার দাবি করেছে হ্যাকারদের আন্তর্জাতিক সংগঠন অ্যানোনিমাস।
১৭ মার্চ হ্যাক্টিভিস্ট কালেক্টিভ-এর প্রকাশিত এক ইউটিউব ভিডিওতে ‘গাই ফকস মুখোশ’ পরিহিত এক ব্যক্তিকে দেখা যায়। এর সঙ্গে কম্পিউটারাইজড ভয়েস ওভারে বলা হয়, “ডোনাল্ড ট্রাম্প ফ্যাসিবাদ ও বিদেশীদের প্রতি অহেতুক ভয়ের এজেন্ডা উসকে দেওয়ার উদ্দেশ্যে হোয়াইট হাউজের উচ্চাশা করছেন।”
“তিনি সন্ত্রাসে সন্দেহভাজনদের পরিবারের অন্য সদস্যদের নিরপরাধ বলে স্বীকার করে নিলেও কার্যত তাদের গুপ্তহত্যার লক্ষ্য হিসেবে বিবেচনা করার প্রস্তাব করেছেন। এর ফলে ‘ট্রাম্প আধিপত্যবাদের’ কাছে যারা পরিবার হারিয়েছে তাদের কাছ থেকে বরং আরো প্রতিহিংসাই পাওয়া যাবে।”
এ ছাড়াও ডোনাল্ড ট্রাম্প ‘সংবিধান ও তাতে সংরক্ষিত স্বাভাবিক অধিকারগুলোর শত্রু’ হিসেবে অভিহিত করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য ভিডিওটিতে জনগণের কাছে আহ্বান জানানো হয়।
ভিডিওটির নিচে ডকুমেন্ট-শেয়ারিং ওয়েবসাইট পেস্টবিনের একটি লিংক প্রকাশ করা হয় এবং তাতে ডোনাল্ড ট্রাম্পের সোশাল সিকিউরিটি নাম্বার, সেলফোন নাম্বার এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য আপলোড করা হয়েছে বলে দাবি করা হয়। এসব তথ্য অনৈতিক ব্যবহারের ব্যাপারে দর্শকদের সতর্ক করা এবং তাদের দায়িত্বশীল হতে পরামর্শ দেওয়া হয় ভিডিওটিতে।
এ ছাড়াও অ্যানোনিমাস ট্রাম্পের বিরুদ্ধে তাদের কার্যক্রমে হ্যাকারদের ঐক্যবদ্ধ হতে সহায়তার উদ্দেশ্যে #OpWhiteRose হ্যাশট্যাগ কর্মসূচী চালু করেছে বলে জানিয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হ্যাক্টিভিস্ট কালেক্টিভ-এর ‘টোটাল ওয়ার’ ঘোষণা এবং তার ‘অস্থিতিশীল ও ঘৃণ্য’ ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার শপথ নেওয়ার পর এই ভিডিও প্রকাশিত হলো।
ট্রাম্পের উপর হ্যাক্টিভিস্ট-এর সাইবার আক্রমণের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ হওয়া উচিত- ট্রাম্পের এমন মন্তব্যের পর ২০১৫ সালের ডিসেম্বরে হ্যাক্টিভিস্ট গ্রুপ ট্রাম্পের ওয়েবসাইট (www.trumptowerny.com) –এ হামলা চালায়।
