২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোস্টন ডায়নামিক্স’-কে বেচে দিচ্ছে অ্যালফাবেট

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড তাদের রোবটিক্স ডিভিশনের একটি অংশ ‘বোস্টন ডায়নামিক্স’- কে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 01:55 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

এখান থেকে লাভের সম্ভাবনা কম থাকায়ই এই সিদ্ধান্ত, প্রযুক্তিবিষয়ক সাইট ব্লুমবার্গ-এর বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স।

ব্লুমবার্গ এর ভাষ্যমতে, বোস্টন ডায়নামিক্স-এর সম্ভাব্য ক্রেতাদের মধ্যে রয়েছে অ্যামাজন ডটকম আর টয়োটা মোটর কর্পোরেশন-এর গবেষণা ও উন্নয়নভিত্তিক প্রতিষ্ঠান দি টয়োটা রিসার্চ ইনস্টিটিউট (টিআরআই)।

বোস্টন ডায়নামিক্স বৈজ্ঞানিক কল্পকাহিনীর রোবটদের মতো দেখতে রোবট তৈরি করার জন্য বিশেষভাবে পরিচিত। মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে তাদের একাধিক প্রযুক্তিগত এবং আর্থিক লেনদেন হয়েছে।

বোস্টন ডায়নামিক্স নির্মিত রোবটগুলোর মধ্যে আছে 'চিতা'। এই রোবট বিশ্বের দ্রুততম পা-ওয়ালা রোবট বলে দাবি করে নির্মাতারা। আর 'রাইজ' নামের রোবটটি লম্বা দেয়াল, গাছ ইত্যাদি বেয়ে উপরে উঠতে সক্ষম।

অ্যামাজন পরিচালনা খরচ কমানো এবং সময় বাঁচানোর জন্য তাদের গুদামের বিভিন্ন জায়গায় হাজারখানেক রোবট স্থাপন করেছে।

এদিকে টিআরআই জানিয়েছে, জানুয়ারিতে তারা বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের একটি দলকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটদের দ্বারা গাড়ি পরিচালনা সংক্রান্ত গবেষণার কাজে নিযুক্ত করেছে।

অ্যালফাবেট, টয়োটা এবং অ্যামাজনের কাউকেই তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি।