২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাকারবার্গের বিরুদ্ধে মামলা, আবার প্রত্যাহার

জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মামলা করে তুলে নিয়েছেন এক অভিযোগকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 06:48 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

জাকারবার্গের প্রতিবেশী মার্সিয়া ভস্কেরিসিয়ান তার অভিযোগে দাবি করেন, তিনি তার ক্যালিফোর্নিয়ার প্যালো অ্যাল্টো-তে অবস্থিত বাড়ির পেছনের জমি তুলনামূলক স্বল্পমূল্যে জাকারবার্গের কাছে বিক্রি করেন। বিনিময়ে শর্ত ছিল, তার কাছ থেকে বাড়ি কিনতে আগ্রহী সিলিকন ভ্যালির অন্যান্য ধনী ব্যক্তিদের সঙ্গে জাকারবার্গ তাকে পরিচয় করিয়ে দেবেন। কিন্তু পরবর্তীতে জাকারবার্গ তার দেওয়া কথা রাখেননি।

অন্যদিকে, জাকারবার্গ তার বিরুদ্ধে আনা এ অভিযোগ সবসময়ই অস্বীকার করে এসেছেন।

জাকারবার্গের আইনজীবী প্যাট্রিক গান বাদীপক্ষের মামলা তুলে নেওয়ার এ ঘটনাকে স্বাগত জানান। তিনি বলেন, “ভস্কেরিসিয়ান-এর এ মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রকৃতপক্ষে তার দাবি যে অমূলক ছিলো এবং তা জাকারবার্গের কাছ থেকে লাখ লাখ ডলার হাতিয়ে নেওয়ার এক চক্রান্ত ছিলো সে বিষয়ে আমাদের দৃঢ় অবস্থানকেই নিশ্চিত করে।”

তিনি আরও জানান, বাদীপক্ষ এ অভিযোগে ‘সাজানো তথ্যপ্রমাণ’ দাখিল করেছে এবং তারা এ মামলা থেকে কোনো প্রকার আর্থিক লাভের সম্মুখীন হবে না।

এ বিষয়ে জাকারবার্গ পাল্টা অভিযোগ দাখিল না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে স্কাই নিউজ।

ভস্কেরিসিয়ান-এর পক্ষের আইনজীবী গাইটন জিংকারসন বলেন, “সতর্ক পর্যালোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মামলার সমাধান প্রয়োজন এবং এ ব্যাপারটির একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর উদ্দেশ্যে আমরা বিবাদীপক্ষের সঙ্গে কাজ করেছি। এ মামলার সমাপ্তি ঘটাতে পেরে আমরা সন্তুষ্ট।”

এ মামলায় ২৫ এপ্রিল স্যান্টা ক্লারা কাউন্টি উচ্চ আদালতে জাকারবার্গের স্বপক্ষে প্রমাণ উপস্থাপনের কথা ছিলো।