অস্বাভাবিক হৃদস্পন্দন মাপবে অ্যাপল ওয়াচ
দৈনন্দিন জীবনে ফিটনেস পর্যবেক্ষণের জন্য স্মার্টওয়াচ বা রিস্টব্যান্ড ব্যবহার করে থাকেন অনেকেই। বর্তমানে প্রচলিত স্মার্টওয়াচগুলো সাধারণত হৃদস্পন্দন এবং ক্যালরি খরচের হিসাব রাখে। মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের নতুন ওয়াচ রিস্টব্যান্ড শুধু হৃদস্পন্দন এবং ক্যালরিই পরিমাপ করবে না মানুষেরর জীবনও বাঁচাবে।
ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, নতুন এ ব্যান্ডটি মানুষের অস্বাভাবিক হৃদস্পন্দন পরিমাপ করে সতর্কতা প্রেরণ করতে পারবে। অ্যাপল ওয়াচের অন্য এই ব্যান্ডটি তৈরি করেছে ‘কার্ডিয়া ব্যান্ড’ নামে মার্কিন এক প্রতিষ্ঠান। এই ব্যান্ডটি অ্যাপল ওয়াচের সঙ্গে জুড়ে দিলে এটি অ্যাপল ওয়াচে যেকোনো সময় ইসিজি রেকর্ড দেখাবে। আর কোনো অস্বাভাবিক হৃদস্পন্দন খুজে পেলে এটি সঙ্গে সঙ্গে স্মার্টওয়াচ অথবা ফোনে নোটিফিকেশন পাঠাবে। আর এতে ব্যবহারকারীর স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমবে বলে মনে করছেন এর নির্মাতারা।
এই ডিভাইসটি মানুষের হৃদস্পন্দন ধারণ করে সেটি ব্যবহারকারীর ডাক্তারের কাছেও প্রেরণ করবে। আর এই ডিভাইসটি আইফোনের বিল্টইন হেলথ অ্যাপের মাধ্যমেও চালানো যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই অনুমতি পেয়েছে এই ব্যান্ড।
নতুন এই ডিভাইসটি শুধু অস্বাভাবিক হৃদস্পন্দনই নয় ‘আর্টিয়াল ফিব্রিলেশন’ (এএফ) এর মত ঝুঁকিপূর্ণ স্ট্রোকের কারণগুলোও শনাক্ত করতে পারবে। এটি নিয়ে হৃদরোগ বিশেষজ্ঞ রিচার্ড বোগ্লে বলেন, “আমার রোগীরা এএফ ঘটার সময় তাদের ইসিজি স্বাভাবিক দেখে অনেক উপকৃত হচ্ছেন। এ ছাড়াও এই ইসিজির দ্বারা কি ধরণের ওষুধ, অভ্যাস বা কার্যক্রম আমাদের হৃদপিণ্ডে প্রভাব ফেলে সেটি বের করতে সহায়তা করে।”
নতুন এই কার্ডিয়া ব্যান্ডটি আগামী দুই মাসের মধ্যে বাজারে ছাড়া হতে পারে বলে জানানো হয়। আর এই ব্যান্ডটির মুল্য নির্ধারণ করা হয়েছে ২০০ ব্রিটিশ পাউন্ড।
