২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকি+ এর নতুন সংস্করণে স্নিকার

ফিটনেস ট্র্যাকিং অ্যাপ নাইকি+ এর নতুন সংস্করণ আনতে যাচ্ছে স্পোর্টসওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। নতুন এই সংস্করণে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টসওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 06:41 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

রয়টার্স জানিয়েছে, নাইকি+ এর নতুন এই সংস্করণে ফিটনেস ট্র্যাকিংয়ের পাশাপাশি প্রতিষ্ঠানের হটেস্ট নতুন স্নিকার ব্রাউজ করে দেখা যাবে। ফিটনেস ট্র্যাকিং ব্যবসার প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও পোক্ত করতেই এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এই অ্যাপের মাধ্যমে অ্যাডিডাস এডি এর মত প্রতিদ্বন্দ্বীদের আরও কিছুটা পেছনে ফেলারই প্রয়াশ করছে নাইকি।

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের সঙ্গে যুক্ত হয়ে ফিটনেস ট্র্যাকিংয়ে বরাবরই সামনে রয়েছে নাইকি। আইফোন এবং আইপডে নাইকি+ অত্যন্ত জনপ্রিয়।

সম্প্রতি নিউ ইয়র্কে এক পণ্য উন্মোচন অনুষ্ঠানে নতুন এই সংস্করণের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এই অনুষ্ঠানে অনেকগুলো নতুন পণ্যও উন্মোচন করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রেয়ছে ‘সেলফ লেইসিং’ জুতা, যেটি নিজে নিজেই ফিতা বাঁধতে পারে। এ ছাড়াও স্বচ্ছ বায়ুভর্তি সোল এবং ফুটবল ক্লেট উন্মোচন করে এই প্রতিষ্ঠান। পলিমারের তৈরি এই ফুটবল ক্লেট সোলের সঙ্গে মাটি আটকাতে দেয়না।

নাইকি+ এর নতুন সংস্করণটি চলতি বছরের জুনে প্রথমে যুক্তরাষ্ট্রেরর বাজারে এবং পরে অন্যান্য দেশে ছাড়া হবে। এই অ্যাপটি নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক পার্কার বলেন, “ক্রীড়াবিদরা এখন শুধু ড্যাশবোর্ডে তথ্য দেখতে চায়না। তারা আরও ব্যক্তিগত সম্পর্ক চায়।” আর নতুন এই সংস্করণে তাদের সেই চাওয়াই পূরণ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।