২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলের ক্লাউড সেবা নিচ্ছে অ্যাপল

থার্ড-পার্টি ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে নিজেদের একাধিক ডেটা সেন্টার প্রতিষ্ঠা করে টেক জায়ান্ট অ্যাপল। কিন্তু এরপরও সম্প্রতি গুগলের ক্লাউড সেবা ব্যবহার শুরু করেছে প্রতিষ্ঠানটি, এই চুক্তির সঙ্গে 'সংশ্লিষ্ট' সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে প্রযুক্তি সাইট রি/কোড। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রেজওয়ান আহমেদ নাজিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

বর্তমানে অ্যামাজন, মাইক্রোসফটের ক্লাউড সেবা ব্যবহার করছে অ্যাপল। কিন্তু কয়েক বছরের মধ্যেই এই খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।

প্রযুক্তিবিষয়ক ম্যাগাজিন সিআরএন-এর বরাতে রয়টার্স জানিয়েছে, গুগলের ক্লাউড সেবা ব্যবহারে ৪০ কোটি থেকে ৬০ কোটি ডলার খরচ করতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি, তবে ওই পরিমাণ কিসের উপর ভিত্তি করে ধরা হচ্ছে তা স্পষ্ট করা হয়নি। ২০১৫ সালে গুগলের সঙ্গে এই চুক্তির পরপরই অ্যাপল অ্যামাজনের কাছে থেকে নেওয়া ক্লাউড সেবার পরিমাণ উল্লেখযোগ্য পরিমানে কমিয়ে এনেছে।

চলতি বছর ফেব্রুয়ারিতে এক বিজ্ঞপ্তিতে অ্যাপল জানায়, প্রতিষ্ঠানটি অ্যারিজোনা, আয়্যারল্যান্ড এবং ডেনমার্কে তিনটি ডেটা সেন্টার স্থাপন করবে। এতে প্রতিষ্ঠানটির খরচ হবে মোট ৩শ' ৯০ কোটি ডলার। এগুলোর মধ্যে অ্যারিজোনায় অবস্থিত ডেটা সেন্টারটি প্রধান সেন্টার এবং বাকি দুইটি সাব সেন্টার হিসেবে কাজ করবে।

গুগলও ক্লাউড সেবা বাজারে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এই প্রচেষ্টার অংশ হিসাবে ২০১৫ সালের নভেম্বরে শিল্পবিদ ডায়ান গ্রিনস-কে ক্লাউড সেবার প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। এ ছাড়াও চলতি বছর ফেব্রুয়ারিতে গুগল অনলাইন মিউজিক স্ট্রিমিং সাইট ‘স্পটিফাই’ এর সঙ্গে চুক্তি করেছে।