অ্যাপলের কর নিয়ে আরও তথ্য চায় ইইউ
দুই বছরেরও বেশি সময় ধরে আয়ারল্যান্ড হয়ে লাভ ঘুরিয়ে আনার মাধ্যমে অ্যাপলের কম কর দেওয়ার বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে ইউরোপিয়ান কমিশন।
তদন্তের অংশ হিসেবে এ নিয়ে আয়ারল্যান্ডের কাছ থেকে এ নিয়ে পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের অ্যান্টিট্রাস্ট নীতিনির্ধারকরা। শুরুর দিকে এ নিয়ে আইরিশ কর্তৃপক্ষ এ নিয়ে যথার্থ জবাব দেয়নি বলে জানিয়েছে তারা।
এক বিবৃতিতে ইউরোপিয়ান কমিশনের একজন মুখপাত্র রিকার্ডো কার্ডোসো জানান, “কমিশনের শেষ অনুরোধে আয়ারল্যান্ড পুরোপুরি জবাব দেয়নি। এ কারণে কমিশন না পাওয়া তথ্য চেয়ে আয়ারল্যান্ডকে আবার বিষয়টি মনে করিয়ে দিল।”
“সেইসঙ্গে, আয়ারল্যান্ডের দেওয়া কিছু জবাবের পরিষ্কার ব্যাখ্যা চেয়েও অনুরোধ করা হয়েছে”, বলেন তিনি।
অন্যদিকে, জবাব পুরোপুরিভাবেই দেওয়া হয়েছে বলে দাবি করেছে আইরিশ অর্থ বিভাগ।
কয়েক শতকোটি ডলার লাভ আয়ারল্যান্ডে রেখে অ্যাপল আন্তর্জাতিক কর নীতিমালা ভঙ্গ করছে, এমন অভিযোগে ২০১৪ সালে আয়ারল্যান্ডকে অভিযুক্ত করে ইউরোপিয়ান ইউনিয়ন।
ইউরোপিয়ান পার্লামেন্টের এক শুনানিতে অ্যাপলের ইউরোপিয়ান কার্যক্রম পরিচালনায় নিযুক্ত ভাইস-প্রেসিডেন্ট ক্যাথি কিয়ার্নি জানান, তার প্রতিষ্ঠান আয়ারল্যান্ডে তাদের এক পয়সা করও ফাঁকি দেয়নি।
কর নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের এমন মামলা মোকাবেলা করতে হচ্ছে স্টারবাকস, ফিয়াট ক্রাইসলার অটোমোবাইলস, এবি ইনবেভ, বিপি আর বিএএসেফ-এর মতো প্রতিষ্ঠানগুলোকেও।
এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে কর নিয়ে ওঠা এক আলোচনায় অ্যাপল প্রধান টিম কুক বলেছিলেন, “অ্যাপল সব ধরনের কর পরিশোধ করে।”
