ক্রস প্লাটফর্মে এক্সবক্স
গেইমিং অনুভূতিকে আরো বেশি উত্তেজনাময় করতে এবার ‘ক্রস প্লাটফর্ম’ গেইম চালু করতে যাচ্ছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের গেইমিং প্লাটফর্ম এক্সবক্স। খুব শীঘ্রই এই ফিচারটি চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
অনলাইনে গেইমিংয়ের ক্ষেত্রে এ যাবৎ এক্সবক্স ব্যবহারকারীরা শুধু অন্য এক্সবক্স ব্যবহারকারীদের সঙ্গেই গেইম খেলতে পারতেন। নতুন এই ক্রস প্লাটফর্মের মাধ্যমে তারা এখন কম্পিউটার গেমারদের সঙ্গেও খেলতে পারবে। শুধু তাই নয় প্লেস্টেশন ব্যবহারকারীর সঙ্গেও এক্সবক্স প্লাটফর্মে গেইম খেলা যেতে পারে, এমন সম্ভাবনার কথাও জানিয়েছে বিবিসি।
রকেট লিগ নামের গেইময়ের মাধ্যমে এই ক্রস প্লাটফর্ম ফিচারটি চালু করা হবে। এক্সবক্স লাইভে গ্রাহক এক্সবক্স এবং কম্পিউটারে একসঙ্গে এই গেইমটি খেলতে পারবে। এ বিষয়ে মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য নেটওয়ার্ককে একসঙ্গে যুক্ত হওয়ার জন্য এটি তাদের উন্মুক্ত আহবান। তবে এক্সবক্স ব্যবহারকারীরা চাইলে শুধু এক্সবক্স ব্যবহারকারীর সঙ্গেই খেলার সুযোগও পাবেন। সেজন্য তাদেরকে ইচ্ছামত ব্যবহারকারী বাছাই করার অপশন দেবে প্রতিষ্ঠানটি।
এক্সবক্স, প্লেস্টেশন, নিনটেন্ডোর মত গেইমিং প্লাটফর্মগুলো এতদিন যাবৎ নিজেদের নেটওয়ার্কের সঙ্গেই মাল্টিপ্লেয়ার গেইমিং সুবিধা দিয়ে আসছিল। এজন্য মাইক্রোসফট এবং প্লেস্টেশন ব্যবহারকারীকে প্রতি মাসে মূল্যও পরিশোধ করতে হয়। গ্রাহকের চাওয়া পূরণ করতেই এমন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আর এই ঘোষণার মাধ্যমে গ্রাহকের সে সপ্নই পূরণ হয়েছে।
বর্তমানে ১৪০০টি স্টুডিও এক্সবক্স ওয়ান এবং উইন্ডোজ ১০ প্লাটফর্মের জন্য গেইম বানাচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ক্রিস চার্লা। আর এই ক্রস প্লাটফর্মের বিষয়টি এখন ডেভেলপারদের সমর্থনের উপর নির্ভর করছে বলেও জানান তিনি।
