আবারো তোশিবার হিসাব গড়মিল
গত বছরই তোশিবার লাখো কোটি ডলারের হিসাব গড়মিল কেলেঙ্কারির বিষয়টি সামনে আসে। ওই কেলেঙ্কারি থেকে রক্ষা পেতেই স্বচ্ছতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিষ্ঠানটি। আগের কেলেঙ্কারি পিছু না ছাড়তেই আবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে এই প্রতিষ্ঠান।
জাপানি এই ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটির হিসাবে আবারও বড় অংকের গড়মিল পাওয়া গিয়েছে। রয়টার্স জানিয়েছে, ৭টি নতুন হিসাব ত্রুটি অনুযায়ী তোশিবা তাদের পূর্বের লাভ হিসাব করেছে ৫৮০ কোটি ইয়েন। অথচ আগে এই লাভের পরিমাণ ২২ হাজার ৪শ ৮০ কোটি ইয়েন ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে তোশিবার পক্ষ থেকে বলা হয় এই হিসাব ত্রুটিগুলো দুই প্রান্তিক ধরে ডিসেম্বর পর্যন্ত আর্থিক হিসাবে লোকসানের মধ্যে যোগ করা হচ্ছিল। কিন্তু প্রতিষ্ঠানের নীতি ভেঙ্গে সেগুলো সামনে আনা হয়নি। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “সঠিকভাবে প্রকাশের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সচেতনার অভাব রয়েছে।”
নতুন এই ত্রুটির কারণে ৪০ কর্মীকে শাস্তি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে রয়টার্স। এর আগেও ২৬ কর্মীকে শাস্তি দেয় তোশিবা। তবে এই কর্মীদের ঠিক কি ধরনের শাস্তি দেওয়া হয়েছে সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানানো হয়নি। এই সমস্যা কাটিয়ে উঠতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং ব্যবসায়িক সংস্কৃতি আরও উন্নত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিষয়টিও জানিয়েছে তোশিবা।
এর আগে ‘বুক-কিপিং’ কেলেঙ্কারিতে ২০০৯ সালে লাভের পরিমাণে গড়মিল দেখা যায় এই প্রতিষ্ঠানের। সে সময় ক্ষতি পুষিয়ে নিতে ১০ হাজার কর্মীকে ছাটাই করে তোশিবা। আর সেইসঙ্গে অলাভজনক ল্যাপটপ এবং ঘরবাড়ির যন্ত্রপাতির ব্যবসা বিক্রি করে দেওয়ারও সিদ্ধান্ত নেয় এই প্রতিষ্ঠান।
