'কম দামে' এলো প্লেস্টেশন ভিআর-এর ঘোষণা
চলতি বছর অক্টোবরে বিশ্বব্যাপী নিজেদের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট প্লেস্টেশন ভিআর উন্মোচনের ঘোষণা দিয়েছে জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। প্রতিদ্বন্দী প্রতিষ্ঠানগুলোর চেয়ে কয়েকশ' ডলার কমে এর দাম নির্ধারণ করা হয়েছে ৩৯৯ ডলার।
সনি’র গেমিং বিভাগের প্রধান অ্যান্ড্রু হাউস স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ‘ভিডিওগেইম ডেভেলপার্স কনফেরেন্সে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বলে জানিয়েছে রয়টার্স। একদিন আগে এই মঞ্চেই নিজেদের ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের ঘোষণা দেয় অকুলাস রিফট। ফেইসবুক মালিনাধীন এই প্রতিষ্ঠানটি তাদের এই হেডসেটের দাম নির্ধারণ করেছে ৫৯৯ ডলার।
এই হেডসেটটির ৫.৭ ইঞ্চির স্ক্রিনের সঙ্গে থাকছে ৩৬০ ডিগ্রি হেড ট্র্যাকিং, ১০০ ডিগ্রি 'ফিল্ড অফ ভিশন' এর মতো প্রযুক্তি। হাউস জানান, প্রতিষ্ঠানটি এমন কমমূল্যে হেডসেটটি বিক্রয় করতে চায় যেন দ্রুত বিস্তৃত পরিসরে এর গ্রহণযোগ্যতা পাওয়া যায়।
তিনি বলেন, “প্রাতিষ্ঠানিকভাবে আমরা বিশ্বাস করি, নতুন প্রযুক্তি আনা হলে গ্রাহকদের কাছে তার গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করে মূল্যের উপর।”
গেইম নির্মাতা প্রতিষ্ঠান উইবিসফট-এর বিপণন এবং বিক্রয় বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টনি কি বলেন, “শেষ পর্যন্ত গ্রাহকরা ভিআর পণ্য ব্যবহারের শুরুতে কত দাম দিচ্ছে তা চিন্তা করবে।”
