২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বয়ংক্রিয় গাড়ির কেন্দ্রীয় মার্কিন নীতিমালা দাবি

মঙ্গলবার স্বয়ংক্রিয় গাড়িগুলোর উন্নয়নে স্থবিরতা রুখতে এ খাত নিয়ে অঙ্গরাজ্যের বদলে কেন্দ্রীয়ভাবে নীতিমালার জন্য আবেদন করেছে যুক্তরাষ্ট্রের একটি সিনেট প্যানেল এবং স্বয়ংক্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 08:21 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

বড় গাড়ি এবং প্রযুক্তি-নির্মাতা প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয় গাড়ি উন্নয়ন ও বিক্রয়ের জন্য প্রতিযোগিতা করলেও, অঙ্গরাজ্য এবং কেন্দ্রীয় নিরাপত্তা নীতিমালা এর পরীক্ষা ও বিস্তৃতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে তারা।

রয়টার্স জানিয়েছে, নীতিমালাই নির্ধারণ করবে যে স্বয়ংক্রিয় গাড়িগুলো রাস্তায় চালানো যাবে কী না বা কখন থেকে চালানো যাবে। বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন ভিন্ন নীতি গাড়িগুলো এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে চালানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।

“যদি প্রতিটা রাজ্য একত্রিত না হয়ে আলাদা আলাদা ভাবে নীতিমালা নির্ধারণ করে, তাহলে স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে রাজ্যগুলোর সীমারেখা অতিক্রম করা এক রকম অসম্ভব হয়ে যাবে এবং এর ফলে স্বয়ংক্রিয় গাড়ির চূড়ান্ত বিস্তৃতি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হবে”, সিনেট কমার্স কমিটিকে এমনটাই বলেন গুগল-এর সংশ্লিষ্ট বিভাগ প্রধান ক্রিস আর্মসন। জেনারেল মোটর্স, লিফট এবং ডেলফি অটোমোটিভ পিএলসি এর নির্বাহীরাও এ ব্যাপারে সম্মতি প্রকাশ করেন।

আর্মসন আরো জানান, ২৩টি অঙ্গরাজ্যে এরই মধ্যে ৫৫টি ভিন্ন ভিন্ন নীতিমালা প্রস্তাবিত হয়েছে।

ডিসেম্বরে ক্যালিফোর্নিয়া একটি খসড়া নীতিমালা প্রস্তাব করে যা একজন লাইসেন্স প্রাপ্ত চালকের নিয়ন্ত্রণ ছাড়া স্বয়ংক্রিয় গাড়ির ক্ষেত্রে বাধাস্বরূপ। গুগল এই নীতিমালার বিরোধিতা করে। এদিকে, ডিউক বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অধ্যাপক ম্যারি কামিংস ক্যালিফোর্নিয়ার এই পদক্ষেপের পক্ষে মত দেন। কারণ তার মতে, গাড়িগুলোর নিরাপত্তার যথেষ্ট প্রমাণ নেই এবং আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে।

মিশিগানের একজন ডেমোক্র্যাট সিনেটর গ্যারি পিটার্স বলেন যুক্তরাষ্ট্রকে “একটি সামঞ্জস্যপূর্ণ জাতীয় নীতিমালার জন্য অবশ্যই কাজ করতে হবে।”

মোবাইল অ্যাপের মাধ্যমে পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান লিফটের সরকারি সম্পর্কবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোসেফ ওকপাকু বলেন, “স্বয়ংক্রীয় গাড়ির অগ্রগতির ক্ষেত্রে সম্ভাব্য সবচেয়ে খারাপ পরিস্থিতি হচ্ছে সঙ্গতিহীন এবং বিরোধপূর্ণ নীতিমালা।”

লিফট এবং জিএম গত সোমবার একটি রেন্টাল প্রোগ্রাম চালু করে, যাকে স্বয়ংক্রিয় গাড়ির নেটওয়ার্ক তৈরি করার প্রথম পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বিশাল একটি গাড়িবহরের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা সম্ভব হবে।

কমার্স কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর জন থিউন জানান, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এখনো রয়েছে।

এনএইচটিএসএ এর ট্রান্সপোর্টেশন সেক্রেটারি অ্যান্থনি ফক্স জানুয়ারিতে জানিয়েছিলেন, তারা স্বয়ংক্রিয় গাড়ির জন্য ছয় মাসের মধ্য নীতিমালা প্রণয়ন করবেন।