বিটকয়েন সুবিধা বন্ধ করছে মাইক্রোসফট
উইন্ডোজ স্টোরে ভার্চুয়াল মুদ্রা চালু করার ঘোষণা দেওয়ার মাত্র এক বছরের মাথায়ই ‘বিটকয়েন’-এর মাধ্যমে লেনদেন করার সুবিধা উঠিয়ে নিল প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
মাইক্রোসফট জানিয়েছে, তারা ‘ব্যবহারকারীদের ভার্চুয়াল জগতে আরও বেশি সুবিধা দেওয়ার’ একটা পথ হিসাবে বিটকয়েন সুবিধা দিচ্ছিলো।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক বিবৃতি প্রকাশ করে মাইক্রোসফট। ‘মাইক্রোসফট স্টোর আর বিটকয়েন গ্রহণ করছে না’ শিরোনামের ওই বিবৃতিতে বলা হয়, “মাইক্রোসফট অ্যাকাউন্টে নতুন করে বিটকয়েন জমা করা যাবে না। অ্যাকাউন্টে থাকা বিটকয়েন মাইক্রোসফট স্টোর থেকে কোনো কিছু কিনতে ব্যবহার করা যাবে কিন্তু তা আর ফেরত নেওয়া যাবে না।”
২০১৪ সালের ডিসেম্বরে লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিটপে-এর সঙ্গে মাইক্রোসফট একটি অংশীদারিত্বে আসে। সে সময় একে একটি দূরদর্শী পদক্ষেপ হিসাবে ভাবা হয়েছিল। কিন্তু নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে, বিটকয়েন যে এখনো স্বীকৃত মূলধারার বৈশ্বিক মুদ্রা হয়ে উঠতে পারেনি তার ইঙ্গিত পাওয়া যায় বলে মন্তব্য করেছে স্কাই নিউজ।
বিটকয়েনের ছদ্মবেশী প্রতিষ্ঠাতা সাতোশি নাকামোতো পিছিয়ে আসার পর ধারণক্ষমতা বৃদ্ধির জন্য মুদ্রাব্যবস্থার এই অবকাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তার প্রশ্নে বিটকয়েন কমিউনিটি বিভক্ত হয়ে আছে।
বিটকয়েনের স্রষ্টার পরিচয় সম্পর্কে রহস্য অবশ্য চলছেই। তার সম্পত্তির পরিমান প্রায় দশ লক্ষ বিটকয়েন, বর্তমান বাজারমূল্যে যা ২৮.৯ কোটি ইউরোরও বেশি।
চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিটকয়েন বাড়তে বাড়তে বর্তমান বাজারমূল্যে সবমিলিয়ে প্রায় ৩শ' ৩০ কোটি ইউরোতে গিয়ে ঠেকেছে।
