২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার আক্রমণ বিবিসি, এমএসএন-এ

বিবিসি এবং এমএসএনসহ বেশ কয়েকটি বড় ওয়েবসাইটে সাইবার আক্রমণ করা হয়েছে এবং অনেক গ্রাহকই ওইসব আক্রান্ত সাইট থেকে র‌্যানসমওয়্যারের শিকার হচ্ছেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 07:35 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

আক্রান্ত সাইটগুলোর মধ্যে রয়েছে বিবিসি ডটকম, নিউ ইয়র্ক টাইমস-এর সাইট, এওএল, এমএসএন, নিউজউইকসহ বেশ কয়েকটি সংবাদ প্রকাশক প্রতিষ্ঠান—জানিয়েছে আক্রান্ত প্রতিষ্ঠান বিবিসির প্রযুক্তিবিষয়ক প্রকাশনা।

চারটি ভিন্ন ভিন্ন অনলাইনভিত্তিক বিজ্ঞাপন নেটওয়ার্কের মাধ্যমে ওই ‘ম্যালিশিয়াস অ্যাডভার্ট’ সাইটগুলোয় ছড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ইন্টারনেট নিরাপত্তা গবেষকরা।

গবেষকরা আরও জানিয়েছেন, ওই সাইটগুলো নয়, বরং সাইটগুলোর ভিজিটরদের লক্ষ্য করেই ওই আক্রমণ পরিচালনা করা হয়। আক্রমণের শিকার ১৩টি ওয়েবসাইটের অনেকগুলোতেই প্রতিদিন লাখ লাখ ভিজিটর আসেন।

বিভিন্ন সংবাদের সাইটে বিজ্ঞাপন সরবরাহ করে থাকে এমন একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ হাতিয়ে নেওয়ার ফলেই এই আক্রমণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নিরপত্তা গবেষণা প্রতিষ্ঠান ট্রাস্টওয়েব-এর গবেষকরা। ডোমেইনের নিবন্ধন নবায়ন না করার ফলে হ্যাকাররা কার্যত ডোমেইনটি কিনে নেয়। ওই ডোমেইনের নিবন্ধনের মেয়াদ পেরিয়ে যায় গত জানুয়ারি মাসে। ওই ডোমেইন থেকে আগে আক্রান্ত সাইটগুলোয় নিয়মিত বিজ্ঞাপন সরবরাহ করা হত, ফলে নতুন ভাইরাসবাহী বিজ্ঞাপনগুলোকেও ‘বিশ্বাসযোগ্য’ হিসেবেই দেখা হয়েছে।

ট্রেন্ড মাইক্রো, ম্যালওয়্যারবাইটসসহ বেশ কয়েকটি নিরাপত্তা প্রতিষ্ঠান জানিয়েছে, ম্যালওয়্যার সরবরাহে একাধিক ডোমেইন ব্যবহৃত হয়ে থাকতে পারে।

সাইট ব্যবহারকারীরা যখন আক্রান্ত কোনো বিজ্ঞাপনে ক্লিক করছেন, তখন তাদের বিশেষ একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় এবং এর মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর গ্রাহকের কম্পিউটারের তথ্য হ্যাকাররা এনক্রিপ্ট বা লক করে ফেলে এবং মুক্তিপণ না পেলে তা আক্রান্ত ব্যক্তির হাতছাড়া হয়ে যায়।