আইফোন এসই-এর রং ‘হট পিঙ্ক’
চলতি বছরের ২১ মার্চ ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠান অ্যাপল ইভেন্ট। এই ইভেন্টকে ঘিরে কৌতূহল এবং নানা ধরণের গুজব চলে আসছে অনেকদিন ধরেই।
নতুন এই ইভেন্টে অনেকগুলো নতুন পণ্য উন্মোচন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইভেন্টে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকছে আইফোনের নতুন সম্ভাব্য সংস্করণ আইফোন এসই। ছোট আকৃতির নতুন এই আইফোনটি দেখতে অনেকটাই আইফোন ৫ এর মত হলেও এতে আইফোন ৬ এবং ৬এস-এর মতো ফিচারগুলো থাকবে বলেও ধারণা করা হচ্ছে।
এবার আইফোন এসই নিয়ে গুজবে নতুন মাত্রা যোগ করেছে এর রঙ। ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, এবার ‘হট পিংক’ রঙে দেখা যেতে পারে এই আইফোন। নতুন এই রংটি প্রতিষ্ঠানের আগের ‘রোজ গোল্ড’ থেকে আরো উজ্জ্বল এবং গোলাপী। আর এই ফোনটি আগের আইফোন ৫সি-এর মত অনেকগুলো রঙে বাজারে ছাড়া হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
আইফোন ৫সি-এর মতো প্লাস্টিকের পরিবর্তে নতুন এই আইফোনটিতে অ্যালুমিনিয়ামের চেসিসে রং করা হবে। তবে এর আগে যেহেতু ধাতব বডির আইপডে বিভিন্ন রঙ দেখা গিয়েছে, তাই আইফোনে নতুন এই রং কোন সমস্যা নয় বলে মনে করা হচ্ছে।
নতুন এই আইফোনে ৪ ইঞ্চি পর্দা হলেও এটি দেখতে অনেকটাই আইফোন ৬ এবং ৬এস-এর মত হতে পারে। আর টাচ আইডি এর পাশাপাশি পেছনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা এবং এ৯ প্রসেসর ব্যবহার করা থাকতে পারে এতে। ১৬ জিবি এবং ৬৪ জিবি স্টোরেজের সঙ্গে কিছুটা বেশি ক্ষমতার ব্যাটারিও পাওয়া যেতে পারে এই আইফোনে। এ ছাড়াও ডিভাইসটিতে এনএফসি সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
আইফোন এসই-এর পাশাপাশি নতুন আইপ্যাড, অ্যাপল ওয়াচ ব্যান্ড এবং অ্যাপল পে-এর আপডেট উন্মোচন করা হতে পারে এই ইভেন্টে। আর নতুন এই পণ্যগুলো উন্মোচনের সঙ্গে সঙ্গে পরের সপ্তাহেই বাজারে ছাড়া হতে পারে।
