ক্রিকেটবান্ধব মোবাইল অ্যাপ ‘ইউসি’
একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রিকেট অনুরাগীরা খেলার সব ধরনের তথ্য পাবেন। আর এজন্য মাইক্রোসফট বিং ও টুইটারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে মোবাইল ব্রাউজার ইউসি।
চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা মোবাইল বিজনেস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউসি ব্রাউজারের একটি ক্রিকেট অ্যাপ ‘ইউসি ক্রিকেট’। এ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ক্রিকেট খেলার সর্বশেষ তথ্য, সংবাদ, ভিডিও, টুইটবার্তা, ছবি,পরিসংখ্যান, প্রিভিউ, ধারাবিবরণীসহ সকল ধরনের তথ্য পাবেন বলে দাবী করেছে অ্যাপটির নির্মাতারা।
ইউসি ক্রিকেটের মাধ্যমে গ্রাহকদের ক্রিকেট সম্পর্কিত লাইভ, পাবলিক ও কনভারসেশনাল কন্টেন্ট প্রদান করবে টুইটার। এর মধ্যে থাকবে ক্রিকেটারদের টুইটসহ ভিডিও, পেরিস্কোপ, ক্রিকেট ভাইন ও ছবি। অন্যদিকে আসন্ন খেলা সম্পর্কে বিং প্রেডিক্টস-এর মাধ্যমে সম্ভাব্য ধারণা প্রদান করবে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং।
ইউসি ওয়েব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজিং ডিরেক্টর কেনিইয়ে বলেন, “মোবাইল ব্রাউজারটি ব্যবহার করে এখন থেকে গ্রাহকরা ক্রিকেট সম্পর্কিত সংবাদ, কন্টেন্ট, সিনেমা, ভিডিও ও গান উপভোগ করতে পারবেন। ভবিষ্যতে ইউসি ব্রাউজার কেনাকাটা, ট্রেনের অবস্থান জানা, মোবাইল রিচার্জ ও টিকেট বুকিংয়ের মত নানা ধরণের সুবিধা নিয়ে আসবে।”
টুইটারের দক্ষিণ এশিয়া অঞ্চলের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট রাভিচন্দ্রন ভাসকারান বলেন, “ইউসি ওয়েবের সঙ্গে চুক্তির ফলে গ্রাহকদের কাছে সহজেই দর্শক-শ্রোতা, খেলোয়ার ও ধারভাষ্যকারদের বাছাইকৃত টুইটগুলো পৌঁছে যাবে আরও ব্যাপক পরিসরে।”
বিং সার্চ এর জেনারেল ম্যানেজার (জিএম) সুনদার শ্রীনিভাসান বলেন, “নতুন এ অ্যাপ ব্যবহারের মাধ্যমে ক্রিকেট খেলা বিষয়ে গ্রাহকদের মতামত ও পরিসংখ্যান প্রদান করবে বিং। ক্রিকেট দর্শকরা একটি খেলায় কোন দল জয়লাভ করতে পারে তা নিয়ে বিংয়ের ভবিষ্যবাণী দেখতে পাবে।” তিনি দাবী করেন, গত বছর আইসিসি বিশ্বকাপ ম্যাচগুলোতে খেলা নিয়ে বিংয়ের ৮৩ শতাংশ ভবিষ্যৎবাণী সঠিক হয়েছিল।
