অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবায় উদ্বিগ্ন চীনা মন্ত্রী
অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ভাড়া আর চালকদের বেতনের প্রথা প্রতিযোগিতামূলক বাজারের জন্য অনুচিত, এবং দীর্ঘমেয়াদে এই ব্যবস্থা রাখা যাবে না বলে মত দিয়েছেন চীনের যোগাযোগ মন্ত্রী ইয়াং চুয়ানত্যাং।
রয়টার্স জানিয়েছে, সোমবার চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় এমনটা জানান তিনি।
প্রতিদ্বন্দ্বীতাকে ঘিরে উবার বা দিদি কোয়াইদি এর মত প্রতিষ্ঠানগুলো কোটি ডলার খরচ করছে আর গ্রাহকদের ছাড় দেবার জন্য ব্যবহার করছে বিনিয়োগকারীদের অর্থ। এই অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জনপ্রিয়তা শীর্ষে থাকার কারণে সমস্যায় পড়েছেন সরকারি নিয়ন্ত্রকরা। তারা তাদের ব্যবসা আইন অনুযায়ী কার্জকর করছে না এবং লাইসেন্সবিহীন অনেক ট্যাক্সিরও সন্ধান পাওয়া গেছে।
এক বিবৃতিতে চীনের যোগাযোগ মন্ত্রণালয় থেকে বলা হয়, “ট্যাক্সিখাত জরুরীভাবে পুনরায় সাজানো দরকার আর ট্যাক্সিসেবাকে গ্রহণযোগ্য ও স্থায়ী উন্নয়নের জন্য নতুন নীতিমালা আনা দরকার।”
কিন্তু সোমবার যোগাযোগ মন্ত্রীকে এ নিয়ে জিজ্ঞাসা করা হলে কবে নাগাদ নতুন নীতিমালা আনা হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
