২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার হামলা: উত্তর কোরিয়ার অস্বীকার

দক্ষিণ কোরিয়ার উপর সাইবার হামলার কথা অস্বীকার করেছে উত্তর কোরিয়া। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়ার দেওয়া এমন 'অপবাদ'কে 'বানোয়াট' বলে আখ্যায়িত করেছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 06:24 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

সম্প্রতি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে একটি সাইবার হামলা চালায়, আর ওই হামলার মাধ্যমে তারা ৪০জন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার মোবাইল হ্যাক করেছে-নিজ দেশের আইন প্রণেতাদের শুক্রবার এমন তথ্য দেয় দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা। এ নিয়ে হওয়া এক রুদ্ধদ্বার বৈঠকে অংশগ্রহণ করা দক্ষিণ কোরীয় সংসদ সদস্যদের সূত্র ধরে এ খবর জানায় রয়টার্স।

উত্তরের ক্ষমতাসীন দলের পত্রিকা 'রোদং সিনমুন'-এ প্রকাশিত এক মতামত প্রতিবেদনে বলা হয়, “নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য দক্ষিণ কোরিয়া এ অভিযোগ করেছে।" তারা আরও জানায়, একটি 'বিতর্কিত সন্ত্রাসবিরোধী' আইন বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়া এমন সাইবার আক্রমণের মিথ্যা দাবি জানাচ্ছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, "মৃত লাশের দেহ ভক্ষণ করা কাকের মুখ থেকে এর চেয়ে বেশি আশা করার কিছু নেই। কিন্তু নিজেদের প্রতিবেশিদের উপর দক্ষিণ কোরিয়ার এরকম আচমকা, উত্তেজনামূলক এবং জঘন্য অভিযোগের জন্য আমরা তাদের ছেড়ে দেব না।"

চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসও জানায় যে উত্তর কোরিয়া তাদের পরিবহন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের রেল কর্মকর্তাদের ই-মেইল হ্যাক করার চেষ্টা করে। তবে, তারা রেল কর্মকর্তাদের বিরুদ্ধে এই হ্যাকিং এর অপচেষ্টাকে থামিয়ে দিয়েছে এবং সকল ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে বলেও জানানো হয়।

চলতি বছর জানুয়ারিতে উত্তর কোরিয়া জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে দূরপাল্লার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালে, দক্ষিণ কোরিয়া তাদের বিরুদ্ধে অতিরিক্ত সতর্কতা নিয়েছে।

সম্প্রতি কোরীয় দ্বীপপুঞ্জে উত্তেজনা আরও বেড়ে যায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া  যৌথ সামরিক মহড়া চালানোর পর। দক্ষিণ কোরিয়া জানায়, যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা বহনকারী সবচেয়ে বড় বিমান ইউএসএসআর জন সি স্টেইন্স মহড়ায় যোগ দেয়।

এই পারমাণবিক অস্ত্রের মহড়ার বিরুদ্ধে নিন্দা প্রকাশের সঙ্গে উত্তর কোরিয়া জানায়, তারা সর্বাত্মক আক্রমণের জন্য প্রস্তুত।

এর আগে, দক্ষিণ কোরিয়ার পারমাণবিক নিয়ন্ত্রণ কেন্দ্রের উপর সাইবার হামলার কথাও উত্তর কোরিয়া অস্বীকার করে।