২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অ্যাপল স্টোর

গত কয়েক বছর ধরেই ভারতে বেশ ভালো জনপ্রিয়তা পাচ্ছে অ্যাপল পণ্যগুলো। অ্যাপলের বাজার এবং গ্রাহক দুটোই ভালো থাকা সত্ত্বেও দেশটিতে প্রতিষ্ঠানটির নিজস্ব কোন স্টোর নেই। ভারতে অ্যাপল ভক্তদের সেই আক্ষেপ ঘোচাতেই দেশটিতে অ্যাপল স্টোর খুলতে যাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 09:08 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, দেশটিতে অ্যাপল স্টোর খুলতে ইতিমধ্যেই ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রোমোশান (DIPP) বিভাগের কাছে আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই আবেদনে কিছু তথ্য অপূর্ণ থাকায় নতুন করে আবেদন করতে নির্দেশ দেয় ডিআইপিপি। তারই প্রেক্ষিতে পূর্ণাঙ্গ তথ্য দিয়ে নতুন আবেদন জমা দেয় অ্যাপল। নতুন এই আবেদনটি এখন পরীক্ষা করে দেখা হবে বলে দেশটির একজন জ্যেষ্ঠ সরকারী কর্মকর্তা জানিয়েছেন।

এতদিন যাবত ফ্র্যাঞ্চাইজির মাধ্যমেই ভারতে অ্যাপল পণ্য বিক্রি করে আসছিল এই প্রতিষ্ঠান। আর দেশটিতে শুধু একটি ব্র্যান্ডের পণ্য নিয়ে দোকানের অনুমতিও ছিলনা এযাবৎ। সরকারী নীতি অনুযায়ী বিদেশি দোকানগুলোতে অন্তত ৩০ শতাংশ ভারতের নিজস্ব পণ্য থাকা বাধ্যতামূলক। কিন্তু সরকারী এই নীতি মেনে নিতে পারেনি অ্যাপল। পরে ২০১২ সালে এই নীতি সরিয়ে নেয়া হলে অ্যাপল দেশটিতে নিজস্ব স্টোর খোলার উদ্যোগ নেয়।

২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে ভারতে অ্যাপল পণ্য বিক্রির হার বেড়েছে ৪৪ শতাংশ যার মূল্য দাঁড়ায় ৬ হাজার ৪শ ৭২ কোটি রুপি। একই সময়ে প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী আয় দ্বিগুণ হয়ে ২৪২ কোটি রুপিতে দাঁড়িয়েছে।

ভারতে অ্যাপল স্টোর খুলতে প্রতিষ্ঠানটির করা ওই আবেদনে বিনিয়োগের পরিমাণ কত সেবিষয়ে কিছু জানানো হয়নি। আর দেশটিতে মোট কয়টা স্টোর খোলা হতে পারে সেবিষয়টিও পরিষ্কার করা হয়নি।