কারাদণ্ডে ফেইসবুক সেলিব্রিটি
টেলিভিশনে বিতর্কিত মন্তব্যের অভিযোগে এক ফেইসবুক সেলিব্রিটিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে মিশরের এক আদালত।
মিশরীয় নারীসমাজের বিরুদ্ধে কটুক্তি ও তাদের মানহানির অভিযোগে তাইমুর এল-সবকি নামের ওই ফেইসবুক সেলিব্রিটিকে ফেব্রুয়ারি মাসে আটক করা হয়। ফেইসবুকে ‘ডায়রিজ অফ এ সাফারিং হাসবেন্ড’ নামে একটি জনপ্রিয় পেইজের পরিচালক ছিলেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল-- তিনি এক টেলিভিশন বিবৃতিতে রক্ষণশীল দেশটির অনেক নারীকে ‘অবিশ্বস্ত’ বলে অবহিত করেন বলে জানিয়েছে রয়টার্স।
বিবৃতিতে তিনি বলেন, “শতকরা ত্রিশ শতাংশ মিশরীয় নারী অনৈতিকতার জন্য প্রস্তুত, তারা শুধু তাদের উৎসাহ দেওয়ার মতো কাউকে খুঁজে পায়না।” এ ছাড়াও “ইদানিং নারীদের কাছে স্বামীর সঙ্গে প্রতারণার ব্যাপারটি খুবই স্বাভাবিক এবং অনেক নারীই স্বামীর বিদেশে থাকার সুযোগে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত থাকে” বলে তিনি দাবি করেন।
সবকি দক্ষিণ মিশরীয় ঐতিহ্যবাহী বৈবাহিক ব্যবস্থারও সমালোচনা করেন এবং তা নারীদের মধ্যে বৈবাহিক অনৈতিকতার সমস্যাটিকে আরো গুরুতর করে তুলছে বলেও ইংগিত দেন তিনি।
ডিসেম্বরে এক জনপ্রিয় টিভি টকশোতে সবকি-এর এ মন্তব্য ব্যাপক বিরূপ সমালোচনার সৃষ্টি করে। তার এ দাবির পর এক ইউটিউব ভিডিওতে দেশটির এক মুখোশ পরিহিত বন্দুকধারী তাকে হত্যার হুমকি দেয়।
