২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাহারায় বিশাল সৌরবিদ্যুৎ প্রকল্প

যতোদূর চোখ যায় সারি সারি বাঁকানো আয়না দিয়ে সাহার মরুভূমির প্রান্ত সাজিয়ে ফেলেছে মরক্কো। তাদের উদ্দেশ্য সৌরবিদ্যুত উৎপাদন করা। মরক্কোর ওই প্রকল্প সম্পূর্ণ হলে সেটা হতে পারে পৃথিবীর বৃহত্তম সৌরবিদ্যুত প্রকল্প। ওয়ারজাজাতে কমপ্লেক্স নামের এই প্রকল্পটির পেছনে মরক্কো বিনিয়োগ করছে প্রায় ২৬০ কোটি মার্কিন ডলার, যাকে কেন্দ্র করে পরবর্তীতে দেশটির অন্যতম বৃহৎ প্রাকৃতিক সম্পদ সৌরশক্তি কাজে লাগানোর উদ্দেশ্যে ৯০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 07:36 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

মরক্কান এজেন্সি ফর সোলার এনার্জির প্রেসিডেন্ট মুস্তাফা বাক্কৌরি সিএনএন কে জানিয়েছেন, ২০১৭ সাল নাগাদ যখন এর কাজ শেষ হবে, তখন এটি নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্ক থেকেও নয় গুণ বড় হবে এবং প্রায় দশ লাখ পরিবারের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। তিনি আরও জানান, ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু হয়। ২০১৬ সালের শেষ নাগাদ এর সঙ্গে এরকম আরও তিনটি প্রকল্প যুক্ত হবে। “এটা অত্যন্ত চিত্তাকর্ষক। আপনি সৌর আয়নাগুলোর শেষ প্রান্ত দেখতে পাবেন না”, সিএনএন কে বলেন বাক্কৌরি।

পুনঃব্যবহারযোগ্য শক্তি নিয়ে মরক্কো অনেক বছর ধরেই কাজ করে আসছে। এবার তারা ২০৩০ সালের মধ্যে দেশের অন্তত অর্ধেক মানুষের বিদ্যুৎ চাহিদা মেটানোর উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিয়েছে। মরক্কো জ্বালানী আমদানি এবং একইসঙ্গে কার্বন নিঃসরণ কমানোর জন্য কাজ করছে বলে জানান বাক্কৌরি।

মরক্কো সাধারণ সোলার প্যানেল থেকে ভিন্ন প্রযুক্তির সোলার প্যানেল ব্যবহার করছে। এটা সূর্যের আলোকে সরাসরি বিদ্যুতে রূপান্তর করতে পারে। ওয়ারজাজাতে প্রকল্পটি বিশাল বাঁকানো আয়না ব্যবহার করে। আয়নাগুলো সূর্যমুখী ফুলের মতো সূর্যের গতিবিধি অনুসরণ করে এবং তাপকে বাষ্প উৎপাদনের জন্য টিউবের ভেতরে পাঠিয়ে দেয়। বাষ্প একটি মূল টারবাইনকে ঘোরায়, যার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়।  সেখান থেকে বিদ্যুৎ মরক্কোর জাতীয় গ্রিডে পৌঁছে যায়।  সবচেয়ে দারুণ ব্যাপারটি হচ্ছে, প্রকল্পটি সূর্যাস্তের পরেও কাজ করতে থাকে। সূর্যাস্তেরও কয়েক ঘণ্টা পর পর্যন্ত ট্যাঙ্কে রাখা গলিত লবণের সঙ্গে তাপ সংরক্ষণের মাধ্যমে বাষ্প উৎপাদন করে টারবাইনকে সচল রাখা সম্ভব হয়।

এই মুহূর্তে ওয়ারজাজাতে সৌর প্রকল্পটি দেশের প্রয়োজনীয় বিদ্যুতের ২ শতাংশ যোগান দিতে পারে। লক্ষ্য আর্জনের জন্য আরো অনেক পথ পাড়ি দিতে হবে মরক্কোকে।

মুস্তাফা বাক্কৌরি ধারণা করছেন, আগামী দশ বছরের ভেতরে শক্তির ব্যবহার দ্বিগুণ হয়ে যাবে। তাই অনেক সময়ের জন্য শক্তি সংরক্ষণ করে রাখতে পারার ব্যাপারটি মরক্কোর মতো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাতের বেলাতেই বিদ্যুৎ এর ব্যবহার সবচেয়ে বেশি হয়।