২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোন নিরাপত্তার সমালোচনায় ওবামা

সন্ত্রাসী আক্রমণ ঠেকাতে এবং কর আইন কার্যকর করতে সরকারকে ব্যক্তিগত তথ্যে প্রবেশাধিকার দেবে এমন মোবাইল ডিভাইস তৈরির পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বারাক ওবামা এক আবেগপ্রবণ বক্তব্য রেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 06:22 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

শুক্রবার টেক্সাসে সাউথ বাই সাউথওয়েস্ট ফেস্টিভালে ওবামা ওই বক্তব্য রাখেন বলে জানিয়েছে রয়টার্স। বক্তব্যে তিনি বলেন, স্যান বার্নার্ডিনো বন্দুকধারীর আইফোন আনলক প্রসংগে অ্যাপল-এর সাথে মার্কিন তদন্ত বিভাগের চলতে থাকা মামলার বিষয়ে সরাসরি মন্তব্যের অধিকার রাখেননা তিনি। তবে তিনি স্পষ্টভাবেই জানিয়ে দেন যে আমেরিকার জনগণের ব্যক্তিগত গোপনীয়তা এবং নাগরিক স্বাধীনতা রক্ষায় তার প্রতিশ্রুতি সত্ত্বেও প্রয়োজনে সরকারি হস্তক্ষেপ দরকার।

ওবামা বলেন, “যদি প্রযুক্তিগতভাবে একটি অভেদ্য ডিভাইস বা সিস্টেম বানানো সম্ভব হয় যেখানে এনক্রিপশন এতো শক্তিশালী হবে যে তাতে কোনো চাবি থাকবেনা, কোনো দরজা থাকবেনা, তবে কী করে আমরা শিশু পর্ণোগ্রাফারদের গ্রেপ্তার করবো, কী করে সন্ত্রাসীদের পরিকল্পনা সমাধান অথবা ব্যর্থ করে দেবো?”

কর আইন কার্যকরের মতো “সামান্যতম কাজে” সরকার মোবাইল ডিভাইসে প্রবেশাধিকার না পেলে “সবাই পকেটে একটি করে সুইস ব্যাংক নিয়ে ঘুরে বেড়াবে” বলেও মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে উভয়পক্ষের ঝুঁকিগুলো পর্যালোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে “যথাসম্ভব ক্ষুদ্রতম সংখ্যক ব্যক্তির পক্ষে প্রবেশসাধ্য” এমন শক্তিশালী এনক্রিপশন ও নিরাপদ কী সম্পন্ন একটি সিস্টেম বানানো সমাধান হতে পারে বলে তিনি জানান।

তিনি তাঁর যুক্তির পক্ষে বিমানবন্দর নিরাপত্তা এবং মদ্যপ গাড়িচালকদের থামানোর মতো হস্তক্ষেপমূলক কিন্তু গ্রহণযোগ্য ব্যবস্থাগুলোকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন। এছাড়াও ফোনে “অতিআসক্তির” বিরুদ্ধেও সতর্ক করেন তিনি।

এ বিষয়ে এই প্রথম কোনো বিস্তৃত বক্তব্য রাখলেন ওবামা। অন্যদিকে, অ্যাপল এ বক্তব্য সংক্রান্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি।