২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লীতে চালু হচ্ছে অ্যাপভিত্তিক বাস

ভারতের রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করতে শীঘ্রই অ্যাপভিত্তিক বাস সার্ভিস চালু করতে যাচ্ছে দিল্লী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোস্তফা মিনহাজ উদ্দিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 06:18 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, শহরজুড়ে চলাচলকারী সকল চুত্তিভিত্তিক বাস এই অ্যাপের আওতাধীন হবে। একজন সরকারী উর্ধ্বতন কর্মকর্তা জানান, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই বেসরকারী বাসগুলোকে যাত্রী বহনের 'বিশেষ অনুমতি' দেওয়া হবে।

দেশটির পরিবহন বিভাগ বাসগুলোর গমনপথ নির্ধারণ করে দেবে, এর ফলে অফিস যাত্রীরা সবচেয়ে সুবিধা পাবে বলেও জানান তিনি। তার মতে, এর ফলে যাত্রীরা তাদের গন্তব্য পথের বাস শনাক্ত করতে পারবে এবং সরকার নির্ধারিত ভাড়ায় যাতায়াত করতে পারবে।

শহরের বাস মালিকরা এরকম পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, “যদি সরকার চায় তাহলে আমরা আরও বাস কিনতে তৈরি আছি।”

ভারতে মোবাইল অ্যাপের মাধ্যমে ট্যাক্সিসেবা দিচ্ছে অনলাইন পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার। সম্প্রতি তারা দেশটির ব্যাঙ্গালুরুতে অ্যাপের মাধ্যমে মোটর-সাইকেল ভাড়ার সেবা দেওয়া শুরু করেছে।