যুক্তরাজ্যে অনুমোদন পাচ্ছে চালকবিহীন গাড়ি
২০১৬ সালে ব্রিটেনের সড়কপথে চলার অনুমোদন পাচ্ছে চালকবিহীন গাড়ি। যুক্তরাজ্যের রাজস্ব বিভাগের প্রধান জর্জ অসবোর্ন বুধবার এই ঘোষণা দেন।
কয়েক মাসের মধ্যে অল্পসংখ্যক রাস্তায় পরীক্ষামূলক ভাবে এই গাড়ি চালানো হবে। চলতি বছরের শেষে চালকদের দিয়ে রাস্তাগুলোতে ঘন্টায় ৭০ মাইল বেগে চালিয়ে এর পরীক্ষা করা হবে বলে জানিয়েছে স্কাই নিউজ।
আশা করা হচ্ছে মিল্টন কেইন্স, ব্রিস্টল, কভেন্ট্রি, এবং গ্রিনউইচের রাস্তায় এই গাড়ি পরীক্ষামূলক চালানো হবে। ব্রিটেনের রাজস্ব প্রধান বিশ্বাস করেন, পেট্রোল ইঞ্জিন আবিষ্কারের পর এরকম স্বয়ংক্রিয় যান পরিবহনখাতে ‘মৌলিক পরিবর্তন’ আনবে। ২০২০ সালের মধ্যে মোটরযান প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে, যা যুক্তরাজ্যকে প্রযুক্তিতে সামনের কাতারে নিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অসবোর্ন বলেন, “বিশ্ব অর্থনীতির এমন অনিশ্চয়তার সময় প্রযুক্তি ও অবকাঠামোগত খাতে বিশ্বকে নেতৃত্ব দিতে ব্রিটেনের এরকম সাহসী সিদ্ধান্ত নিতে হবে। সামনের সপ্তাহে আমার বাজেটে এই চেষ্টাই করা হবে।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে আমরা নিরাপত্তা নিশ্চিত করবো, যে কারণে প্রথমে পরীক্ষামূলকভাবে চালানো হবে। নিরাপত্তা নিশ্চিত হলেই গাড়িগুলো ব্রিটেনের রাস্তায় চলার জন্য বাজারে ছাড়া হবে।”
গাড়িগুলো ৯৫ শতাংশ দূর্ঘটনা রোধ করবে এবং যাত্রীদের যানযট ও দূর্ঘটনা সম্পর্কে অবহিত করবে বলে জানিয়েছে দেশটির রাজস্ব বিভাগ। সেইসঙ্গে সড়কপথে "ট্রাক প্লাটুনিং" পরীক্ষাও চালানো হবে। এই ব্যবস্থায় জ্বালানী খরচ কমাতে লরিগুলোর বহর ঠেসে পূর্ণ করা হবে।
যুক্তরাজ্যের রাস্তায় এ বছর স্বয়ংক্রিয় 'জগরনাট' ছাড়া হবে। একজন চালক গাড়িবহরের চলন, গতি ও থামার নেতৃত্ব দেবেন। পরীক্ষামূলকভাবে চালনার জন্য 'কারলিসেল' এর কাছে একটি স্থান বরাদ্দ করা হয়েছে। ২০১৫ সালের অক্টোবরে জার্মানিতে ডাইমলারের তৈরি একটি চালকবিহীন ট্রাকের পরীক্ষা চালানো হয়।
চলতি বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় গুগলের চালকবিহীন গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্রের স্বয়ংক্রিয় গাড়িগুলোর ডজনখানেকের বেশী সংঘর্ষ হয়েছে কিন্তু বেশীরভাগ ক্ষেত্রেই ছিল পিছন থেকে ধাক্কা মারার ঘটনা।
