২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ের অংশ বেঁচবে ইনটেল

বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল তার ভেঞ্চার ক্যাপিটাল পোর্টফোলিও-এর একটি অংশ বিক্রি করে দিতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 06:11 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাক্তিদের সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটি সম্ভাব্য ক্রেতার সন্ধানে ইউবিএস গ্রুপ এজি-এর সঙ্গে কাজ করছে। প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের এ পোর্টফোলিও প্রতিষ্ঠানটির কর্পোরেট ভেঞ্চার ইউনিট ইনটেল ক্যাপিটাল-এর একটি অংশ এবং এর অধীনে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।

ইনটেল তাদের এ বিক্রয়যোগ্য সম্পদ সম্পূর্ণভাবে বা ভৌগোলিকতা বা খাতের ভিত্তিতে আংশিক হিসেবে বিক্রি করে দিতে প্রস্তুত ছিলো, তবে এ কাঠামো বিষয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে জানা যায়।

এ প্রসঙ্গে ইনটেল কোনো মন্তব্য করতে রাজী হয়নি এবং তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য ইউবিএস-এর কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সম্প্রতি ইসরায়েলভিত্তিক থ্রিডি ভিডিও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান রিপ্লে টেকনোলজিসকে কিনে নেয় ইনটেল করপোরেশন। যুক্তরাষ্ট্রের পেশাদার ক্রীড়া প্রতিযোগিতাগুলোর টিভি সম্প্রচারে ব্যবহৃত থ্রিডি ভিডিও প্রযুক্তি এই প্রতিষ্ঠানটির বানানো। ঠিক কত দামে প্রতিষ্ঠানটি কেনা হয়েছে তা ইনটেল প্রকাশ না করলেও, প্রতিষ্ঠানটি কিনতে ইনটেলকে ১৭ কোটি ৫০ লাখ ডলার গুণতে হবে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া।

আর চলতি বছর ফেব্রুয়ারিতে ইনটেল ড্রোন প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর লক্ষ্যে মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি-এর সঙ্গে জোট বাঁধতে যাচ্ছে বলে জানা যায়।