২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতঃপর অ্যাপল ইভেন্ট

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠান অ্যাপল ইভেন্ট। প্রথাগতভাবে এই ইভেন্টে নিজেদের নতুন পণ্য উন্মোচন করে আসছে প্রতিষ্ঠানটি। তাই নতুন পণ্য পেতে এই ইভেন্টের জন্য মুখিয়ে থাকে অ্যাপল ভক্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 06:07 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

চলতি বছরের ২১ মার্চ অ্যাপলের নতুন ইভেন্টের গুঞ্জন অনেকদিন ধরেই চলে আসছে। এবার সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে অ্যাপল। ২১ মার্চই অ্যাপল ইভেন্টের পর্দা উন্মোচন হতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক ইনডিপেন্ডেন্ট।

নতুন এই ইভেন্টে অনেকগুলো নতুন পণ্য উন্মোচন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইভেন্টে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকছে আইফোনের নতুন সংস্করণ আইফোন এসই। ছোট আকৃতির নতুন এই আইফোনটি দেখতে অনেকটাই আইফোন ৫ এর মত হলেও, এতে আইফোন ৬ এবং ৬এস-এর মত ফিচারগুলো থাকবে বলেও ধারণা করা হচ্ছে।

আইফোন এসই-এর পাশাপাশি নতুন আইপ্যাড, অ্যাপল ওয়াচ ব্যান্ড এবং অ্যাপল পে-এর আপডেট উন্মোচন করা হতে পারে এই ইভেন্টে। আর নতুন এই পণ্যগুলো উন্মোচনের সঙ্গে সঙ্গে পরের সপ্তাহেই বাজারে ছাড়া হবে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

এ ছাড়াও আইফোন, আইপ্যাডের জন্য আইওএস অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ৯.৩ উন্মোচন করা হবে এই ইভেন্টে। ইতোমধ্যেই এটি পরীক্ষার জন্য ডেভেলপারদের কাছে উন্মোচন করেছে অ্যাপল। আইওএস-এর নতুন এই সংস্করণে আগের সংস্করণের বেশ কিছু 'বাগ' ঠিক করা হয়েছে। আর নতুন এই সংস্করণে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বলে ব্যপকভাবে প্রচারণা চালাচ্ছে অ্যাপল। এতে নতুনত্ব হিসেবে যোগ করা হয়েছে নাইট শিফট ফিচার।