২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাশট্যাগের জবাবে হত্যা-ধর্ষণ হুমকি

ছোট্ট বা তুচ্ছ একটি ঘটনা যখন অকল্পনীয় বিশাল ভূমিকা রাখে কোনো বিষয়ে তখন তাকে বলে বাটারফ্লাই ইফেক্ট। এখন সম্ভবত একে হ্যাশট্যাগ, টুইট বা সেলফি ইফেক্ট বলার সময় এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 10:30 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

সাইফাই নেটওয়ার্ক এর নতুন টিভি সিরিজ ‘দি ইন্টারনেট রুইনড মাই লাইফ’-এ তুলে ধরা হয়েছে কীভাবে ইন্টারনেট নাটকীয়ভাবে আপনার জীবনকে আপনার সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত করতে পারে।

টিভি সিরিজটিতে দেখা যায়, টেক এশিয়ান-এর মানবাধিকার-কর্মী সুয়েই পার্ক মার্কিন সিবিএস নেটওয়ার্কে প্রচারিত টক শো ‘দা কোবেয়ার শো’ এর সমালোচনা করে টুইটারে একটি হ্যাশট্যাগ চালু করেন। হ্যাশট্যাগটি ছিল #CancelColbert। কোবেয়ার শো’র একটি পর্বে এশিয়ানদের বিদ্রুপ করা হয়েছিল আর তার জবাবেই সুয়েই ওই হ্যাশট্যাগটি চালু করেন। কোবেয়ার শো যেমন বিভিন্ন জনকে বিদ্রুপ করে সুয়েই-ও একইরকমভাবে বিদ্রুপ করার জন্য হ্যাশট্যাগ চালু করেন।

শেষ পর্যন্ত তা আর হাসিঠাট্টা-বিদ্রুপে সীমাবদ্ধ থাকেনি। সুয়েই জবাবে গণ ধর্ষণ আর হত্যার হুমকি পেয়েছেন। এমনকি স্টিফেন কোবেয়ার, যার প্রতি সুয়েই-এর বিদ্রুপাত্মক হ্যাশট্যাগ ছিল, তিনিও ওই অনুষ্ঠানে তার দর্শকদের থামতে বলেছেন। তাতে কোনো কাজ হয়নি। উপর্যুপরি হূমকি চলতেই থাকে এবং সেটা এমন মারাত্মক পর্যায়ে চলে যায় যে তিনি সাধারণ ফোন ব্যবহার করা বন্ধ করেন এবং ঘনঘন ঠিকানা বদল করা শুরু করতে বাধ্য হন।

গত ৯ মার্চ রাত ১০টায় প্রচারিত ৩০ মিনিটের প্রথম এপিসোডটিতে দর্শকদের সামনে হাজির করা হয় সুয়েই পার্ক এবং লেই ভ্যান ব্রায়ান নামের একজন ব্রিটিশকে, যার একটি টুইটকে ভুল করে সন্ত্রাসী হূমকি ভেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং শেষ পর্যন্ত তাকে বিতাড়িত করা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বগুলোতে রিভেঞ্জ পর্ন এবং ফেইসবুক পোস্ট খুব দ্রুত ছড়িয়ে যাওয়ার কুফলগুলো তুলে ধরা হবে।

“এই ধরনের ঘটনার প্রচুর খবর আসছে।”, বলেন সাইফাই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিদার ওল্যান্ডার। তিনি আরো বলেন, “টিভি শো’টি প্রযুক্তির অন্ধকার দিক নিয়ে।” তিনি টিভি সিরিজটির দর্শকপ্রিয়তা পাবার ব্যাপারে বেশ আশাবাদী এবং জানান, গল্পগুলো আমাদের মতো মানুষেরই গল্প। তিনি আরো বলেন, “আমরা সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে জড়িত। কিন্তু বেশিরভাগেরই ধারণা নেই যে ইন্টারনেটে দেওয়া তথ্য কতোটা শক্তিশালী হয়ে উঠতে পারে।”

নিউ ইয়র্ক ল’ স্কুলের সহকারী অধ্যাপক আরি এজরা ওয়াল্ডম্যান ২০১০ থেকে এ ব্যাপারে গবেষণা করে আসছেন। পুরো টিভি সিরিজটি জুড়েই ওয়াল্ডম্যান এবং আরো অনেক বিশেষজ্ঞের উপস্থিতি থাকবে।

ওয়াল্ডম্যান বলেন, “মাত্র একটা ঘটনাতেই ইন্টারনেটে আপনার নামে স্থায়ীভাবে কলঙ্ক লেগে যেতে পারে।” ইন্টারনেট থেকে কোনো কিছু পুরোপুরিভাবে মুছে ফেলা কতোটা কঠিন তা বোঝাতে তিনি এরিন অ্যান্ড্রিউস কেইস এর উদাহরণ টেনে আনেন। “কোনোকিছু যখন ইন্টারনেট অব্দি পৌঁছে যায়, সেগুলোর কপি করা হয়, স্ক্রিনশট নেওয়া হয়। একবার কোনভাবে অনলাইনে আসলেই তা স্থায়ীভাবে অনলাইনে থেকে যায়”—বলেন ওয়াল্ডম্যান।

প্রচলিত আইন এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনলাইনে কোনো অপরাধের বিষয়ে এখনও দুর্বল। উদাহরণ হিসেবে বলা যায়, এখনও পর্যন্ত রিভেঞ্জ পর্ন এর জন্য কোন ফৌজদারি আইন নেই।

নতুন নিরাপত্তা ব্যবস্থা অনলাইনে ঘটতে থাকা নির্মমতাগুলো তুলে ধরতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওয়াল্ডম্যান।

তিনি আরো বলেন, অনলাইনে ঘটে যাওয়া অনেক ঘটনাই আড়ালে থেকে যায়। অনলাইন সন্ত্রাসের শিকার হওয়া মানুষদের পরামর্শ প্রদানের উদ্দেশ্যে ওয়াল্ডম্যান নিউ ইয়র্ক ল’ স্কুলে টাইলার ক্লেমেন্টি ইন্সটিটিউট ফর সাইবারসেইফটি প্রতিষ্ঠা করেছেন।