২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ খুললেন অ্যাপলের এডি কিউ

এফবিআই-এর বিরুদ্ধে বহুল আলোচিত আইনি যুদ্ধে অ্যাপল হেরে গেলে বিশ্বের সরকারগুলো ফোনের ক্যামেরা ও মাইক্রোফোনের মাধ্যমে আইফোন ব্যবহারকারীদের উপর নজরদারি চালানোর সুযোগ চাইতে পারে বলে জানিয়েছেন অ্যাপলের ইন্টারনেট সফটওয়্যার ও সেবা প্রদান বিভাগের প্রধান এডি কিউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইফতেখার আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 10:28 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

ব্রিটিশ ট্যাবলয়েড মিরর জানিয়েছে, স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ডে জড়িত বন্দুকধারীর আইফোন আনলক করতে এফবিআই নির্ধারিত পথে করা হলে তা ভবিষ্যতের জন্য এক বিপদজনক উদাহরণ সৃষ্টি করবে বলে সতর্ক করেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ইউনিভিশন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “একদিন তারা আমাদের কাছে আপনাদের ফোনের ক্যামেরা, মাইক্রোফোন খুলে দেওয়ার দাবি রাখতে পারে। এমন কিছু আমরা করতে পারি না।”

এফবিআই প্রধান জেমস কমেই অ্যাপলকে জানিয়েছেন, স্যান বার্নার্ডিনো বন্দুকধারী রিজওয়ান ফারুকের ব্যবহৃত আইফোন ফাইভ সি-তে তার উদ্দেশ্য ও কর্মকাণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, আর তদন্ত কর্মকর্তারা এতে প্রবেশাধিকার না পাওয়া পর্যন্ত আমেরিকা “আয়নায় নিজেদের দিকে তাকাতে পারবে না”।

আইফোন আনলক করতে এফবিআইয়ের দাবি অনুযায়ী অ্যাপলকে এর আইওএস সফটওয়্যারের একটি নতুন সংস্করণ বানাতে হবে, যা সরকারকে যে কোনো অ্যাপল গ্যাজেটে সহজে প্রবেশাধিকার দেবে। এ বিষয়ে অ্যাপলের বক্তব্য হল, এতে সরকারের পাশাপাশি হ্যাকারদেরও প্রবেশাধিকার পাওয়ার ভয় রয়েছে, যার ফলে সারা পৃথিবীতে কোটি কোটি আইফোন ব্যবহারকারী নিরাপত্তা ঝুঁকির সম্মুখীন হবেন।