অ্যামাজনে যোগ হল বোয়িং বহর
মালামাল সরবরাহে ড্রোন ব্যবহার করার পরিকল্পনা করে সাড়া ফেলে দেয় বিশ্বের বৃহত্তম অনলাইন নির্ভর রিটেইলার অ্যামাজন। কিন্তু এবার ড্রোন নয়, মালামাল সরবরাহে প্লেন বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি। আর এ পরিকল্পনার অংশ হিসাবে ২০টি বোয়িং ৭৬৭ কার্গো প্লেন লিজ নিয়েছে তারা।
প্রতিটি প্লেন যুক্তরাষ্ট্রব্যাপী ৮৮ টন মালামাল বহন করতে সক্ষম। এ উদ্দেশ্যে এয়ার কার্গো পরিচালনাকারী প্রতিষ্ঠান এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসেস গ্রুপ (এটিএসজি)-এর পাঁচ থেকে সাত বছরের একটি চুক্তি সম্পন্ন করেছে অ্যামাজন।
বুধবার সম্পন্ন এ চুক্তি অনুযায়ী অ্যামাজন এটিএসজি-এর প্রায় ২০ শতাংশ কিনে নেয়ার অধিকার রাখবে। এ চুক্তি প্রসঙ্গে এটিএসজি প্রধান জো হিট এক বিবৃতিতে জানান, শেষ গ্রীষ্ম থেকেই তার প্রতিষ্ঠান ‘সম্পূর্ণরূপে পরিবর্তিত এয়ার কার্গো নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যামাজন-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এ চুক্তির ফলে বুধবার শেয়ার বাজারে এটিএসজি-এর শেয়ারের মূল্য ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
২০১৫ সালে অ্যামাজন সমুদ্রপথে পণ্য পরিবহনে ১ কোটি ১৫ লাখ ডলার ব্যয় করে, যা এর আগের বছরের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যয় কমানো এবং গতি বৃদ্ধির লক্ষ্যে বিকল্প উপায় খুঁজে আসছিলো। সে বছর ডিসেম্বরে ‘ফুলফিলমেন্ট সেন্টার’ ও বাছাই কেন্দ্রগুলোর মধ্যে পণ্য পরিবহনের উদ্দেশ্যে অ্যামাজন তাদের লোগোবাহী কয়েক হাজার ট্রাকের একটি বহর চালুর ঘোষণা দেয়। এ ছাড়াও নির্বাচিত কিছু ক্রেতার কাছে ৩০ মিনিটে পণ্য পরিবহনে ড্রোন ব্যবহারের উদ্দেশ্যে আকাশসীমা চিহ্নিতকরণের জন্য এফএএ-এর কাছে আবেদন জানায় তারা, যা ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
