২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে নতুন অ্যান্ড্রয়েড এন!

অ্যাপ ডেভেলপারদের পরীক্ষার জন্য বের করা হয়েছে অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেম 'অ্যান্ড্রয়েড এন'-এর প্রাথমিক সংস্করণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম ফয়সাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 03:55 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

অ্যান্ড্রয়েড ওএস-এর নির্মাতা প্রতিষ্ঠান গুগল বিবিসি-কে জানিয়েছে, অ্যান্ড্রয়েড এ-এর বেটা সংস্করণ স্বাভাবিকের চেয়ে একটু আগেই বের করা হয়েছে, যাতে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো চূড়ান্ত সংস্করণটি দ্রুত পেতে পারে।

এই মুহূর্তে ৩ শতাংশেরও কম অ্যান্ড্রয়েড ফোনে অ্যান্ড্রয়েড-এর সর্বশেষ সংস্করণ মার্শমেলো চলছে। সাধারণত গ্রীষ্মে গুগল তাদের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ নিয়ে আলোচনা করলেও, এ বছর প্রত্যাশিত সময়ের আগেই প্রথম খসড়া সংস্করণটি উন্মোচন করেছে তারা।

অ্যান্ড্রয়েডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিরোশি লকহেইমার একটি ব্লগ পোস্টে বলেন, “প্রথম খসড়াটি দ্রুত বের করে প্রতিক্রিয়া জানতে চাওয়ার মাধ্যমে আমরা সেই প্রতিক্রিয়ার ওপর কাজ করতে পারবো এবং সেই সঙ্গে ‘এন’-এর চূড়ান্ত সংস্করণটি মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে দ্রুত পৌঁছে দিতে পারব।”

অ্যান্ড্রয়েড এন-এ থাকবে বিভক্ত স্ক্রিনে মাল্টিটাস্কিং এর সুবিধা। অর্থাৎ, ব্যবহারকারীরা একইসঙ্গে দুইটি আলাদা কাজ করতে পারবেন। থাকছে এক অ্যাপ থেকে অন্যান্য অ্যাপে তথ্য কপি করার সুবিধাও। এ ধরনের সুবিধা অবশ্য কিছু আইওএস ও উইন্ডোজ ১০-এ এবং স্যামসাং-নির্মিত কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এখনই পাওয়া যাচ্ছে।

নতুন ওএস-এ ভিন্ন রূপে থাকছে সেটিংস আর নোটিফিকেশনস। তারা ব্যাটারি লাইফ এর উন্নয়নের জন্যও কাজ করছে বলে জানা যায়। গুগল তাদের প্রথা অনুযায়ী সবসময় বিভিন্ন ডেসার্টের নামে বর্নানুক্রমে অ্যান্ড্রয়েড ওএস এর সংস্করণগুলোর নাম রেখে আসলেও (যেমন ললিপপ, মার্শমেলো) এখনও নতুন সংস্করণটির এরকম কোনো নাম রাখা হয়নি। তবে, অ্যান্ড্রয়েড এন-এর নাম একটি জনপ্রিয় চকোলেট আর হেজেলনাট-এ তৈরি খাবারের নামে রাখা হতে পারে।

লকহেইমার এ ব্যাপারে বলেছেন, “আমরা এখনই বলছিনা।” কিন্তু তিনি ইংরেজিতে ‘নট’ না লিখে একটু কায়দা করে ‘নাট’ লিখেছেন। কে জানে, হয়তো অ্যান্ড্রয়েড এন এর সম্ভব্য নামটার দিকেই তিনি ইঙ্গিত করেছেন।