২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম 'অ্যাড-ব্লক' অপেরায়

বিশ্বে প্রথম্বারের মতো ব্রাউজারের অ্যাড-ব্লকিং ফিচার আনলো অন্যতম প্রধান অনলাইন ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠান অপেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রিয়াদ মোর্শেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 07:09 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

সম্প্রতি ডেস্কটপ কম্পিউটারের জন্য অ্যাড-ব্লক ফিচার চালু করেছে প্রতিষ্ঠানটি, আর এর সঙ্গে দ্রুত পেজ লোড হওয়ার সময় দ্রুততর করার অঙ্গীকার করেছে তারা। অপেরা জানায়, এই নতুন ওয়েব ব্রাউজিং এ যেসব অভিজ্ঞতা পাওয়া যাবে, তার মধ্যে অনধিকার প্রবেশ হ্রাস আর নিরাপত্তা বৃদ্ধি উল্লেখযোগ্য।

অপেরার একজন মুখপাত্র বলেন, "গ্রাহকরা আসলে কী ভাবছেন সেদিকে মনোযোগ দিতে বিজ্ঞাপন খাতের জন্য অ্যাড-ব্লকিং প্রযুক্তি একই সঙ্গে সম্ভাবনা এবং সতর্কতা হয়ে দাঁড়াবে।"

‘পপ-আপ ব্লকিং বা ট্যাবড ব্রাউজিং’ এর মতো ফিচারগুলো অপেরাই সর্বপ্রথম পরিচয় করিয়েছিল। পরবর্তীতে অন্যান্য জনপ্রিয় ব্রাউজারগুলোতেও ওই ফিচারগুলো আনা হয়।

১৯৯৫ সালে প্রথম কম্পিউটার ওয়েব ব্রাউজার আনে নরওয়ের এই প্রতিষ্ঠান। স্মার্টফোনের ব্যবহার বেড়ে যাওয়ার পর, তারা মোবাইল ব্রাউজার আর বিজ্ঞাপন ব্যবসার দিকে জোর দেয়, এখানে পুরো বাজারের সিংহভাগই তাদের দখলে বলে জানিয়েছে রয়টার্স।

বৃহস্পতিবার অপেরা জানায়, এখন নতুন ব্রাউজারের সংস্করণ শুধু ডেস্কটপ কম্পিউটারের জন্য আনা হলেও, ভবিষ্যতে কম্পিউটার ও স্মার্টফোন উভয় ব্রাউজারের জন্যই এটি আনা হবে।

ব্রাউজার ব্যবসায় মাইক্রোসফট, গুগল, ফায়ারফক্স ও অ্যাপলের ব্রাউজারের পর অপেরার অবস্থান পঞ্চম। সারাবিশ্বে এর মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি বলে জানিয়েছে অপেরা।