চুরি ঠেকাতে আতঙ্কের ব্যবহার অ্যামাজনে
কিছু গুদামে কর্মীরা কীভাবে চুরি করতে গিয়ে ধরা পড়ে আর বরখাস্ত হয়, তা ভিডিওর মাধ্যমে প্রচার করে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন, এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ। সেখানে কথিত অপরাধীদের আসামী হিসেবে উল্লেখ করা হয় এবং 'গ্রেপ্তার' ও 'বহিষ্কার' কথাগুলো ব্যবহার করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমটি।
কর্মক্ষেত্রে চুরি বন্ধ করতে প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের পদক্ষেপই গ্রহণ করতে হয়। কিন্তু অ্যামাজনের এমন ব্যবহারে রীতিমত হতবাক হয়েছেন বিশেষজ্ঞরা। বিষয়টি আমাজনের যুক্তরাষ্ট্রভিত্তিক গুদামে ঘটেছে বলে প্রকাশ পেয়েছে। কিন্তু যুক্তরাজ্যের কোনো গুদামে আমাজন কতৃপক্ষ এমন কোনো পদক্ষেপ নেয়নি ধারণা করছে বিবিসি।
এ ব্যাপ্যারে আমাজনের একজন মুখপাত্র কোনো মন্তব্য করেননি।
১১ জন বর্তমান ও সাবেক কর্মীর সাক্ষাৎকার নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে ব্লুমবার্গ। অ্যামাজনের সাবেক একজন কর্মী তাদের এই ভয় দেখানোর পদ্ধতিকে রীতিমত 'আগ্রাসী' বলে মন্তব্য করেন।
ব্লুমবার্গের করি জনসন বলেন, “এটা একটা সমস্যা, এ নিয়ে অ্যামাজন অবশ্যই উদ্বিগ্ন, কিন্তু মানুষকে চুরি না করাতে তাদের নেওয়া কৌশলটা বাড়াবাড়ি হয়ে গেছে।”
তাদের ভিডিওচিত্রটি মসৃণ পর্দার টিভিতে দেখানো হয়। সেখানে কর্মক্ষেত্রে আগুন লাগলে কী করতে হবে বা অন্যান্য সচেতনতামূলক নির্দেশনাও দেখানো হয়। যেসব গুদামে টিভি থাকে না সেখানে তথ্যগুলো দেওয়ালে ছাপিয়ে দেওয়া হয়।
টিসিসি গ্লোবাল এর বিপণণ পরামর্শক ব্রায়ান রবার্টস অনলাইন এবং দোকান-ভিত্তিক উভয়ের জন্যই এরকম পণ্য চুরি হওয়াটাকে বড় সমস্যা বলে উল্লেখ করেছেন। পণ্যের হিসাব ঠিক রাখতে অনেক পদক্ষেপ নেওয়া যায়, কিন্তু অ্যামাজনের এই পদক্ষেপ বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন তিনি।
