রিপ্লে-কে কিনল ইনটেল
ইসরায়েলভিত্তিক থ্রিডি ভিডিও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান রিপ্লে টেকনোলজিসকে কিনে নিল মার্কিন টেক জায়ান্ট ইনটেল করপোরেশন। যুক্তরাষ্ট্রের পেশাদার ক্রীড়া প্রতিযোগিতাগুলোর টিভি সম্প্রচারে ব্যবহৃত থ্রিডি ভিডিও প্রযুক্তি এই প্রতিষ্ঠানটির বানানো।
ঠিক কত দামে প্রতিষ্ঠানটি কেনা হয়েছে তা ইনটেল প্রকাশ না করলেও, প্রতিষ্ঠানটি কিনতে ইনটেলকে ১৭ কোটি ৫০ লাখ ডলার গুণতে হবে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ) অল-স্টার উইকএন্ড-এ দর্শকদের 'স্ল্যাম ডাঙ্ক'-এর ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখাতে রিপ্লে-এর প্রযুক্তি ব্যবহার করা হয়। বাস্কেটবল খেলায় হাত দিয়ে জোরে বল বাস্কেটে ঢোকানোর বিশেষ এক ভঙ্গিকে 'স্ল্যাম ডাঙ্ক' বলা হয়। থ্রিডি ভিডিও ধারণ করতে রিপ্লে-এর সঙ্গে কাজ করে ইনটেল। প্রাঙ্গনের চারদিকে রিপ্লে-এর ২৮টি উচ্চ ক্ষমতার ক্যামেরা স্থাপন করে সেগুলো ইনটেলের সার্ভারে যুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়।
ইনটেল জানিয়েছে, রিপ্লের কাজকে আরও নিখুঁত ও উচ্চমানের করতে ২০১৩ সাল থেকে ইনটেল তাদের সহযোগিতা করে আসছে। “খেলার মধ্যে প্রযুক্তি এখন অভূতপূর্ব ভুমিকা পালন করছে এবং আমরা মাত্র এর শুরু করেছি", এমনটাই বলে প্রতিষ্ঠানটি।
২০১১ সালে প্রতিষ্ঠিত রিপ্লে ফেব্রুয়ারি মাসে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার সংগ্রহের উদ্দেশ্যে ডয়শে টেলিকম ক্যাপিটাল পার্টনারস-এর কাছ থেকে ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার সংগ্রহ করে।
রিপ্লে টেকনোলজি-তে এনবিএ-এর ডালাস ম্যাভারিক্স টিমের মালিক মার্ক কুবান-এর মালিকানা রয়েছে।
