স্মার্ট টিভি ছাড়ছে স্কাইপ
স্মার্ট টিভিতে নিজদের সেবা বন্ধ করে দিতে যাচ্ছে মাইক্রোসফট মালিকানাধীন ভিডিও কলিং অ্যাপ স্কাইপ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকরা ভিডিও কলের ক্ষেত্রে স্মার্ট টিভির বড় পর্দাকে অগ্রাহ্য করে মোবাইল ফোন বা ট্যাব ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর একারণেই এমন পদক্ষেপ নিচ্ছেন তারা। স্কাইপের সাপোর্ট পেইজে এ প্রসঙ্গে বলা হয়, "আমরা এ নিশ্চিত করতে চাই যে আমরা ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী প্লাটফর্মগুলোতে যথাসম্ভব সেরা অভিজ্ঞতা পৌঁছে দেওয়াকে গুরুত্ব দিচ্ছি, আর একারণেই আমরা যতদিন সম্ভব টিভির জন্য স্কাইপ-এর মৌলিক কার্যক্রমে সহায়তা চালিয়ে যাওয়ার সঙ্গে অন্যান্য ক্ষেত্রে আমাদের প্রচেষ্টার দিকে মনোযোগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।"
চলতি বছর জুন পর্যন্ত এই সেবা চালু রাখা হবে বলে জানিয়েছে বিবিসি। এরপর স্মার্ট টিভিগুলোতে এই সেবা রাখা হবে কিনা তা পুরোপুরিভাবেই টিভি নির্মাতাদের উপর নির্ভর করবে। তারা চাইলে এটি সরিয়ে দেবেন, না হলে অসমর্থিত এই সেবা তাদের ডিভাইসে রেখে দেবেন।
ভিডিও কলিং অ্যাপের খাতে তীব্র প্রতিযোগিতার সঙ্গে লড়তে হচ্ছে স্কাইপকে। এমন সময় ফোন আর ট্যাবলেটে নিজেদের মনোযোগ বাড়ানোর এমন সিদ্ধান্ত নিল প্রতিষ্ঠানটি।
বর্তমানে বাজারে ফেইসবুকের মেসেঞ্জার আর অ্যাপলের ফেইসটাইম জনপ্রিয়। এছাড়া সম্প্রতি চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শিয়াওমি তাদের নিজস্ব ভিডিও কল সেবা মি ভিডিও কল চালু করেছে।
চলতি বছর ২ জুন থেকে নিজেদের স্মার্ট টিভিতে স্কাইপ আর না রাখার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরীয় ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।
