২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিনাক্সভিত্তিক সফটওয়্যার বানিয়েছে মাইক্রোসফট

মাল্টি ইউজার অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বরাবরই ভাল অবস্থানে লিনাক্স। আর এবার লিনাক্সের জন্যই ডেটাবেইজ সফটওয়্যার বানিয়েছে উইন্ডোজের নির্মাতা মাইক্রোসফট। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফুয়াদ তানভীর অমি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 04:54 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

এক বিবৃতিতে, লিনাক্সের জন্য এসকিউএল সার্ভার সফটওয়্যারের সংস্করণ বানানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রথাগতভাবেই এতদিন নিজেদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্যই সফটওয়্যার তৈরি করে আসছিল মাইক্রোসফট। নতুন এই সফটওয়্যার বানানো প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সিইও সত্য নাদেলার তত্ত্বাবধানে প্রতিদ্বন্দ্বীদের জন্য সফটওয়্যার উন্মোচন করার কিছু উদ্যোগের মধ্যে এটি একটি বলে জানিয়েছে বিবিসি।

এসকিউএল সার্ভার প্রতিষ্ঠানটির মূল পণ্যগুলোর মধ্যে একটি। জনপ্রিয় এই সফটওয়্যারটির উইন্ডোজ সংস্করণ অনেকেই তাদের ডেটাবেইস চালাতে ও সংরক্ষণ করতে ব্যবহার করে থাকেন।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে, বর্তমানে ডেটাবেইজ সফটওয়্যারের বাজারে মাইক্রোসফট ২১ শতাংশ শেয়ারের দখল নিয়ে আছে। এখানে সবচেয়ে বেশি শেয়ার ওরাকল ডেটাবেইজ সিস্টেমের। লিনাক্সের জন্য এসকিউএল সফটওয়ারের নতুন সংস্করণটি বাজারে মাইক্রোসফটের শেয়ার বাড়াবে বলে আশা করছে মাইক্রোসফট।

গার্টনার-এর একজন বিশ্লেষক মার্ভ অ্যাডরিয়ান বলেন, "এটা একটি উল্লেখযোগ্য প্রতিযোগিতামূলক হুমকি, যেটি তারা আগে কখনো করেনি।" এমন উদ্যোগের ফলে এখন লিনাক্সভিত্তিক ডেটাবেইস প্রোগ্রাম খাতে আইবিএম আর এসএপি-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় জড়িয়ে পড়বে মাইক্রোসফট।  

নতুন এই সফটওয়্যারটি ডেটাসেন্টার ব্যবস্থাপনার জন্য লিনাক্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আর এই সফটওয়্যারটি লিনাক্সের সকল সংস্করণেই চলবে।

লিনাক্সের জন্য এই সফটওয়্যারটি ২০১৭ সালের মাঝামাঝি বাজারে আসবে বলে জানিয়েছে মাইক্রোসফট। ইতিমধ্যেই সফটওয়্যারটি বিভিন্ন গ্রাহকের দ্বারা পরীক্ষা করা হয়েছে। আর এই সফটওয়্যারটি প্রথম পরীক্ষা রেনাল্ট-এর ফর্মুলা ১ রেসিং দল করে বলে জানিয়েছে, মাইক্রসফটের ক্লাউড আর এন্টারপ্রাইজ ব্যবসার প্রধান স্কট গাথরি।